চার দিন ধরে আসামি ডিবির হাতে, অন্ধকারে স্বজন
রাজধানীর ঢাকা উদ্যান থেকে চারদিন আগে এক ভাঙারি ব্যবসায়ীকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিলেও তাকে আদালতে পাঠানো হয়নি।
সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ওই ব্যক্তি ‘সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য’। ডাকাতির মালামাল উদ্ধারে তাকে নিয়ে সিলেটে অভিযান চলছে।
আইন অনুযায়ী কোনো আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে।
চারদিন আগে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়নি কেন জানতে চাইলে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (সাউথ) ওসি শাহ জামান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য বিষয়টি প্রকাশ করা হয়নি।”
শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে স্বামীর সন্ধানে এক নারীকে রাস্তায় বসে থাকতে দেখা যায়। কথা বলতে গেলে বন্যা নামের ওই নারী জানান, তার স্বামী ভাঙারি ব্যবসায়ী জহুরুল আলমকে সোমবার ধরে এনেছে পুলিশ, এরপর তার আর কোনো সন্ধান পাচ্ছেন না।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার ভোররাতে জহিরুলকে ঢাকা উদ্যানের ৩ নম্বর রোডের ৫২ নম্বর বাড়ি থেকে মোহাম্মদপুর থানা পুলিশ ও ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নেয়।”
সে সময় তিনি গ্রামের বাড়ি ঠাকুরগাওয়ে ছিলেন জানিয়ে বন্যা বলেন, মঙ্গলবার ঢাকায় ফিরে মোহাম্মদপুর থানায় গেলে স্বামীকে ডিবি পুলিশ নিয়ে যাওয়ার কথা জানতে পারেন তিনি।
“থানা থেকে একটি মোবাইল নম্বর সংগ্রহ করে সেখানে যোগাযোগ করে জানতে পারি, আমার স্বামীকে ডিবি পুলিশ নিয়ে গেছে। হাবিব নামের একজন ডিবি কর্মকর্তা পরিচয় দিয়ে আমাকে মিন্টো রোডে আসতে বলে। জহুরুলকে ছেড়ে দেওয়া হবে বলেও আমাকে জানায়।
“কিন্তু কোন অপরাধে তাকে ধরা হয়েছে সেটা বলছে না। শুক্রবার সারা দিন বসে থাকলেও জহিরুলের কোনো সন্ধান মেলেনি।”
বন্যার কাছ থেকে ওই মোবাইল নম্বর নিয়ে ফোন করে জানা যায়, যিনি হাবিব পরিচয়ে তার সঙ্গে কথা বলেছেন তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (সাউথ) পরিদর্শক মো. নাজমুল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জহুরুলকে সোমবার আটকের পর পুলিশ তাকে নিয়ে সিলেটে অভিযানে রয়েছে।”
সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করে তিনি প্রতিবেদককে তার কেরানীগঞ্জের কার্যালয়ে দেখা করতে বলেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (সাউথ) ওসি শাহ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মার্চ-এপ্রিলের দিকে ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জের একটি ইয়ার্ড থেকে প্রায় দুই কোটি টাকার ভাঙারি মালামাল ট্রাক ও কাভার্ড ভ্যানে উঠিয়ে নিয়ে যায় একদল ডাকাত।
জহুরুল ওই মালামাল লুটে নেওয়া দলটির ‘অন্যতম সক্রিয় সদস্য’ জানিয়ে তিনি বলেন, তাকে নিয়ে সিলেটে অভিযানে রয়েছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা কোটি টাকার ভাঙারি যন্ত্রাংশ ডাকাতি করে সিলেটে বিক্রি করেছিল। ওই দলের সক্রিয় সদস্য জহুরুলকে নিয়ে পুলিশ মালামাল উদ্ধারে কাজ করছে।
“বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
