২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা সিটির ভোটে দুই কেন্দ্রে ইভিএম

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 08:24 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

২৪ নম্বর ওয়ার্ডের ২০৬ নম্বর কেন্দ্র ও ২৭ নম্বর ওয়ার্ডের ২৩৯ নম্বর কেন্দ্রে মোট ১০টি ইভিএম থাকবে বলে নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন জানান।

নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার এ কর্মকর্তা বলেন, ১০টি ভোটকক্ষের প্রতিটিতে একটি করে ইভিএম থাকবে। তাতে মেয়র পদে প্রার্থীদের নাম ও প্রতীক এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীদের প্রতীকে বোতাম চেপে ভোট দেবেন ভোটাররা।

শেরেবাংলা রোডের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১০৯৯ জন ভোটারের জন্য ৪টি ভোটকক্ষে ও খানজাহান আলী রোডের পিটিআই জসিম উদ্দীন হোস্টেলের নিচতলার কেন্দ্রে ১৮৭২ ভোটারের জন্য ৬টি ভোটকক্ষ রয়েছে।

ফরহাদ হোসেন জানান, ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সফলতার পর ইসির নতুন ইভিএম খুলনার দুটি কেন্দ্রে ব্যবহার হচ্ছে। ইতোমধ্যে ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে সচেনতামূলক কার্যক্রম-প্রশিক্ষণ (ভোটার এডুকেশন) শুরু হয়েছে।

১৫ মে খুলনা সিটিতে ভোট হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে সিটির ২৮৯টি কেন্দ্রে।

এ কর্মকর্তা জানান, ভোটের আগের দিন সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই কেন্দ্রের সংশ্লিষ্টরা ইভিএমে ভোটের মহড়ায় (মক ভোটিং) অংশ নিতে পারবেন। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এজেন্ট ও পোলিং এজেন্টসহ সংশ্লিষ্টরাও থাকবেন।

ইভিএমে ভোট, সুযোগ দুইবার

ইভিএমে আঙ্গুলের ছাপ, ভোটার নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর বা স্মার্ট পরিচয়পত্র ব্যবহার করে ভোটার শনাক্ত করা হয়; নির্দিষ্ট কেন্দ্রের ভোটকক্ষে একজন করে ভোটার ভেরিফিকেশন করেন পোলিং অফিসার।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান জানান, ডেটাবেজে ভোটার বৈধ হিসেবে শনাক্ত হলেই ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত প্রজেক্টের মাধ্যমে তা পোলিং এজেন্টের কাছে দৃশ্যমান হবে।

মেশিনটিতে কিউআর কোডসহ (কুইক রেসপন্স কোড) আরও কিছু তথ্যসম্বলিত টোকেন মুদ্রণ করে ভোটারকে দেওয়া হয়।

ভোটার টোকেন নিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছে এলে ভোটিং মেশিনের কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে শনাক্ত করে গোপন কক্ষে থাকা তিনটি পদের জন্য ব্যালট ইউনিটে ব্যালট ইস্যু করা হবে।

ভোটার পছন্দের প্রার্থী ও প্রতীক দেখে বাম দিকে বোতামে চাপ দিয়ে সিলেক্ট করবেন এবং ওই ব্যালট ইউনিটের সবুজ রংয়ের কনফার্ম বোতাম চেপে তার ভোট শেষ করবেন।

কখনো ভুলবশত কোনো প্রতীক সিলেক্ট করা হলে, ব্যালট ইউনিটের লাল রংয়ের ক্যানসেল বোতাম চেপে পরবর্তীতে যে কোনো প্রার্থীকে আবার সিলেক্ট করা যাবে।

এভাবে দুই বার ক্যানসেল করা যাবে, তৃতীয়বার যেটি সিলেক্ট করা হবে সেটি বৈধ ভোট হিসেবে গৃহীত হবে

পুরনো খবর:

নতুন ইভিএম: প্রতিটির দাম পড়ছে ২ লাখ টাকা