দুঃশ্চিন্তার কিছু নেই, স্যাটেলাইট উৎক্ষেপণ হবেই: প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর উৎক্ষেপণ একেবারে শেষ মুহূর্তে এসে পিছিয়ে যাওয়ায় মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অবশ্য বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের কাউন্ট ডাউন শেষ মিনিটে থেমে যাওয়ার পর নিজেরও যে মন খারাপ হয়েছিল, সে কথাও বাংলাদেশের সরকারপ্রধান বলেছেন।
শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বঙ্গবন্ধু-১ এর উৎক্ষেপণ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “মন খারাপ আমারও হয়েছিল। মাত্র ৪৬ সেকেন্ডের জন্য আমাদের স্যাটেলাইট উঠতে পারল না।”
ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোররাত ৩টা ৪৭ মিনিটে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহটির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ পানে যাত্রা শুরুর কথা ছিল।
সব প্রস্তুতি সেরে উৎক্ষেপণের জন্য কাউন্ট ডাউন প্রক্রিয়াও শুরু হয়েছিল; কিন্তু শেষ মিনিটে সমস্যা দেখা দেওয়ায় স্যাটেলাইটটি আর ওড়েনি লঞ্চ প্যাড থেকে।
মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স উৎক্ষেপণ পিছিয়ে শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ১৪ থেকে ৪টা ২১ মিনিটের মধ্যে নতুন সময় রেখেছে।
প্রধানমন্ত্রী এই উৎক্ষেণের বিষয়টিকে বর্ণনা করেন ‘অত্যন্ত জটিল’ এবং ‘অত্যন্ত সেনসেটিভ’ একটি বিষয় হিসেবে। উত্তেজনার ওই পুরেটা সময় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে অবস্থানরত ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রাখার কথাও তিনি বলেন।
স্যাটেলাইট উৎক্ষেপণ দেখতে উপস্থিত ছিলেন সজীব ওয়াজেদ জয়, তারানা হালিম, জুনাইদ আহমেদ পলকসহ অন্যরা, তবে শুক্রবার উৎক্ষেপণ হয়নি
তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ জয় তার ফেইসবুকে লিখেছেন, “উৎক্ষেপণের শেষ মিনিট পুরোপুরি নিয়ন্ত্রিত হয় কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটারের হিসাবে কোনো কিছু স্বাভাবিকের বাইরে ধরা পড়লে তা উৎক্ষেপণ কার্যক্রম স্থগিত করে দেয়। আজকে উৎক্ষেপণের মাত্র ৪২ সেকেন্ড আগে তা বন্ধ করে দেয়।”
রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হয় না, তাই এ ধরনের বিলম্ব ‘খুবই স্বাভাবিক’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয়।
তিনি বলেন, স্পেসএক্স আবার সব কিছু পরীক্ষা করে শুক্রবার একই সময়ে আবার উৎক্ষেপণের চেষ্টা করবে।
আর ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “এটাও না হলে আরেকটা সময় তারা আমাদের দেবে।”
