পচা খেজুর রাখায় হাজি সেলিমের প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করায় সংসদ সদস্য হাজি সেলিমের প্রতিষ্ঠান মদিনা গ্রুপকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোজা শুরুর এক সপ্তাহ আগে বৃহস্পতিবার বিএসটিআইয়ের সহায়তা নিয়ে র্যাব পরিচালিত এই অভিযানে আরও তিনটি প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোতোয়ালি থানা এলাকার বাদামতলীতে মদিনা গ্রুপের প্রতিষ্ঠান মদিনা হিমাগারে অভিযান চালালে সেখানে পচা, ইঁদুরে খাওয়া মেয়াদোত্তীর্ণ প্রায় ৬০মন খেজুর পাওয়া যায়, যা রমজান উপলক্ষে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল।”
ওই এলাকার বিআইডব্লিউটিএ মার্কেটে ব্যবসায়ী নাসির উদ্দিনের মেসার্স বন্ধু ফ্রুট এজেন্সি এবং পাশে খেজুর গলিতে ব্যবসায়ী মনির হোসেন সুমনের প্রতিষ্ঠান মায়ের দোয়ায়ও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এই দুইটি প্রতিষ্ঠানেও পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়া যায়। এই দুই প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সারওয়ার আলম।
তাছাড়া ইথোফেন দিয়ে পাকানো অপরিপক্ক প্রায় ২১মন আম ধ্বংস করে ফেলা হয় বলেন তিনি।
