২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্যাটেলাইট: ‘প্রয়োজন ব্যবসানির্ভর কৌশল’

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ নিয়ে যেমন মানুষের কৌতূহল রয়েছে, তেমনি এর মাধ্যমে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, বিশেষ করে এর বাণিজ্যিক দিকগুলো সম্পর্কেও তৈরি হয়েছে জানার আগ্রহ। 

শামীম আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 09:10 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

পুরনো খবর:

বঙ্গবন্ধু স্যাটেলাইট বৈদেশিক মুদ্রা বাঁচাবে, আনবেও: পলক

সরকারের তরফ থেকে বলা হচ্ছে, নিজেদের ব্যবহারের জন্য রাখার পর এই স্যাটেলাইটের বাড়তি সক্ষমতা বিক্রির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় এবং সাশ্রয় দুইই হবে।

এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটকে ছড়িয়ে দেওয়া যাবে এর মাধ্যমে। দুর্যোগ মোকাবেলার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিতেও ভূমিকা রাখবে এই স্যাটেলাইট।

তবে সংশ্লিষ্টরা বলছেন, এর বাণিজ্যিক সম্ভাবনা পুরোটাই নির্ভর করবে ব্যবসার কৌশলের ওপর। স্যাটেলাইটটি কার্যক্রম শুরু করলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বা প্রত্যন্ত অঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থা চালু করা যাবে, তার আর্থিক মূল্যায়ন করা ঠিক হবে না বলে মনে করেন তারা।

তথ্যপ্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যাটেলাইট যুগে বাংলাদেশ খুবই নবীন, তাই প্রথমেই এর ব্যবসায়িক বিষয়টা বিবেচনা না করে গর্বের বিষয়টাই গুরুত্ব দেওয়া উচিৎ। দেরিতে হলেও আমরা এ যুগে প্রবেশ করতে পেরেছি।”

তিন হাজার কোটি টাকা খরচে তৈরি এই স্যাটেলাইটের কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে সরকার বাংলাদেশ কমিউনিকেশনস স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) গঠন করেছে। 

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে তাদের ৩৯ জন যোগ্য জনবল রয়েছে।

সুবিধা আছে, আছে বাধাও

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মূলত একটি যোগাযোগ উপগ্রহ।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক নিবন্ধে বলেছেন, এর মাধ্যমে মূলত তিন ধরনের সেবা পাওয়া সম্ভব। এগুলো হল- সম্প্রচার, টেলিযোগাযোগ এবং ডেটা কমিউনিকেশন।

বাংলাদেশে বর্তমানে যেসব টেলিভিশন চ্যানেল এবং রেডিও চালু রয়েছে সেসব মূলত অন্য কোনো দেশের স্যাটেলাইটে নির্ভর করে সম্প্রচার চালিয়ে যাচ্ছে। 

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার থাকবে, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

সরকারের আশা, বর্তমানে বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ যে ১৪ মিলিয়ন ডলার  (১১8 কোটি টাকা) ব্যয় হয়, এ উপগ্রহ উৎক্ষেপণে সেই অর্থ সাশ্রয় হবে।

Image
কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ। এখান থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটের পথে ছুটবে ফ্যালকন-৯ রকেটের ব্লক ৫ সংস্করণ।

কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ। এখান থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটের পথে ছুটবে ফ্যালকন-৯ রকেটের ব্লক ৫ সংস্করণ।

উৎক্ষেপণের পর ট্রান্সপন্ডার লিজের মাধ্যমে বছরে ২৫০ থেকে ৩০০ কোটি টাকা পাওয়া যাবে এবং  ছয় থেকে সাত বছরের মধ্যে বিনিয়োগের অর্থ তুলে নেওয়া যাবে বলে আশা প্রকাশ করছে সরকার।

তবে ৪০টির মধ্যে ২৬টি ট্রান্সপন্ডার থাকছে ‘কে ইউ’ ব্যান্ডে, যে ব্যান্ডে টেলিভিশন সম্প্রচার করা কষ্টসাধ্য। আর ১৪টি ‘সি’ ব্যান্ডের, যা নিতে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে দেশের টেলিভিশন কোম্পানিগুলো।

সম্প্রতি এক অনুষ্ঠোনে একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেছিলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট যে অরবিটাল স্লটে (১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশ) স্থাপন করা হবে, তার মাধ্যমে কাজ করা বাংলাদেশের টেলিভিশনগুলোর জন্য হবে একটি চ্যালেঞ্জ। টেলিভিশন স্টেশনগুলো যাতে স্যাটেলাইটের সুবিধা পায়, সেজন্য যা দরকার তা করতে হবে।

কিছুদিন আগে তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের যেসব এলাকায অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট পৌঁছানো সম্ভব হচ্ছে না, বঙ্গবন্ধু স্যাটেলাইট সেই সীমাবদ্ধতা দূর করা সম্ভব হবে।

মূলত কিছু দুর্গম দ্বীপ, হাওর এবং পার্বত্য এলাকায় অপটিক্যাল ফাইবার পৌঁছানো সম্ভব হয়নি। এক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখাতে পারে বিকল্প পথ।

কিন্তু এখানেও রয়েছে কিছু সমস্যা। কিছু কারিগরি সীমাবদ্ধতার কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পুরো তরঙ্গ ব্যবহার করা যাবে না।

এর ৪০টি ট্রান্সপন্ডারের মোট তরঙ্গ ক্ষমতা ১৬০০ মেগাহার্টজ। কারিগরি সীমাবদ্ধতার ১৪০০ মেগাহার্টজ ব্যবহার করা যেতে পারে।

ইন্টারনেটের জন্য স্যাটেলাইটের যে ব্যান্ডউইডথ ও তরঙ্গ ব্যবহার করা হবে তা ব্যয়বহুলও।

তথ্যপ্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবিরের মতে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সম্ভবনা পুরোটাই ব্যবসা কৌশলের ওপর নির্ভর করবে।

Image
গাজীপুরে হয়েছে স্যাটেলাইটের বেইস স্টেশন

গাজীপুরে হয়েছে স্যাটেলাইটের বেইস স্টেশন

তিনি বলেন, “বঙ্গবন্ধু স্যাটেলাইট সব স্থান কভার করবে না, সব স্থান কভার না করাতে দেশের টেলিভিশনগুলো এর ট্রান্সপন্ডার ভাড়া নাও নিতে পারে। তবে অন্যান্য স্যাটেলাইট কোম্পানির যেসব স্থানে কাভারেজ নেই, তাদের কাছ থেকে ভাড়া দিয়ে আয় করা সম্ভব হবে।

“বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ইন্টারনেট বা ব্রডব্যান্ড সংযোগ কাজ করে না, এসব ক্ষেত্রে স্যটেলাইট বিশেষ ভূমিকা পালন করবে, যা আর্থিকভাবে মূল্যায়ন করা যাবে না।”

এছাড়া দেশের যেসব প্রত্যন্ত অঞ্চলে টেলিযোগাযোগ সেবা পৌঁছানো সম্ভব হয়নি, এ স্যাটেলাইটের মাধ্যমে সেই সেবাও শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন সুমন।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার মনে করেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবহার শুরু হলে বাধাগুলোও দূর করা সম্ভব হবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রকৃতপক্ষে আমারা যখন স্যাটেলাইট ব্যবহার করতে শুরু করব তখন নতুন নতুন চ্যালেঞ্জগুলোও মোকাবেলা করতে পারব। বঙ্গবন্ধু স্যাটেলাইট শুধু কারিগরি বা ব্যবসার বিষয় নয়, এটি আমাদের গর্বের বিষয়। আমার মনে হয়েছে আমাদের প্রস্তুতি যতটুকু করা সম্ভব ছিল তার কোনোটার কোনো কমতি নাই।”