ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি: বাসের হেলপার আটক
বাসে উঠার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগে এক পরিবহনকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে তার সহপাঠীরা।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ওই শিক্ষার্থী শ্যামলী শিশুমেলা থেকে গুলিস্তান-ধামরাই রুটের ‘ডি-লিংক’ বাসে ওঠার সময় যৌন হয়রানির শিকার হন বলে তার অভিযোগ।
ওই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশু মেলার সামনে থেকে বাসে উঠতে গেলে আমি টের পাই সে ইচ্ছা করেই আমার শরীরে হাত দিয়েছে। আমি মেয়ে তো, আমি বুঝি কে কোন উদ্দেশ্যে কাউকে স্পর্শ করে।
“আমি বাসে উঠেই ওকে থাপ্পড় মারি। সে ‘সরি’ বলে, তবে কিচ্ছুক্ষণ পরই বাসের কনডাকটরসহ ওরা উচ্চস্বরে এ নিয়ে কথা বলছিল, আর আমার দিকে তাকিয়ে হাসছিল, যা ছিল খুবই বিব্রতকর।”
এই সময় সুমন মিয়া নামে ওই হেলপার বাস থেকে নেমে যান বলে ওই শিক্ষার্থী জানান। এর মধ্যে তিনি তার সহপাঠিদের ফোন করলে তারা নীলক্ষেত মোড়ে এসে বাসটি আটকায়।
শিক্ষার্থীরা বাসটিকে চালকসহ বিশ্ববিদ্যালয়ের মল-চত্বরে এনে আটকে রাখে। তাদের মাধ্যমে সুমন মিয়াকেও ক্যাম্পাসে আনা হয়।
খবর পেয়ে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা এবং নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী।
প্রক্টর এ কে এম গোলাম রাব্বানীর পরামর্শে শিক্ষার্থীরা তখন সুমন মিয়াকে শাহবাগ থানায় পুলিশের হাতে তুলে দেয়।
তবে সুমন যৌন হয়রানি করার অভিযোগ প্রত্যাখ্যান করে সাংবাদিকদের বলেন, “বাসটি তখন চলছিল৷ আপুকে টেনে বাসে তোলার সময় ওনার গায়ে আমার হাত লাগে ৷ এরপর আমি তার কাছে ক্ষমা চেয়েছি ৷ তিনি আমাকে একটি থাপ্পরও দিয়েছিলেন।”
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব সাংবাদিকদের বলেন, “ওই ছাত্রীর সাথে কথা বলা যায়নি৷ অভিযুক্ত হেলপারকে থানায় পাঠানো হয়েছে৷ বিষয়টি ভালোভাবে দেখে ব্যবস্থা নেব আমরা।”
