২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া কাপ ফুটবলের সেমিফাইনালে বিডিনিউজ টোয়েন্টিফোর

ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 03:11 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার এসএ টিভিকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে সেমিতে ওঠে বাংলাদেশের প্রথম এই অনলাইন সংবাদপত্র।

নির্ধারিত সময়ের প্রথম অর্ধের খেলায় শাহ ফাহিমের গোলে এগিয়ে যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। দ্বিতীয় অর্ধের শুরুতেই বিজয়ী দলের আকিব জাভেদ করেন আরেকটি গোল।

তবে খেলায় ৫ মিনিট বাকি থাকতে এসএস টিভি ঘুরে দাঁড়িয়ে দুই গোল শোধ করে সমতা আনে, খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের জন্য নির্ধারণ করা ছিল তিনটি করে শট।

টাইব্রেকারে বিডিনিউজ টোয়েন্টিফোরের অতিথি খেলোয়াড় আব্দুল্লাহ্ শাফীর প্রথম শট ঠেকিয়ে দেন এসএ টিভির গোলরক্ষক।

মূল খেলায় মাঝমাঠে খেললেও খেলা টাইব্রেকারে গড়ানোয় গোলবার সামলানোর দায়িত্বে যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাইদুল ইসলাম, পর পর দুটি শট ঠেকিয়ে দেন তিনি।

অন্যদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আকিব জাভেদ ও শাহরিয়ার ইকবালের শট জালে জড়ালে জয় নিশ্চিত হয়ে যায়। ফলে এসএস টিভির তৃতীয় শট নেওয়ারই প্রয়োজন হয়নি।

টাইব্রেকারে দুই শট ঠেকানোর পাশাপাশি মাঝমাঠে দুর্দান্ত খেলায় ম্যাচ সেরার পুরস্কার পান মাইদুল ইসলাম।

এর আগে গ্রুপ পর্বে দৈনিক নয়া দিগন্তকে ৪-০ গোলে এবং চ্যানেল আই-এর সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে ওঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আরটিভির সঙ্গে সেমিফাইনালে খেলবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আটটি গ্রুপে ২৪টি গণমাধ্যম প্রতিষ্ঠান ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার (অধিনায়ক), নুরুল ইসলাম হাসিব, ইকবাল শাহরিয়ার, শহীদুল ইসলাম, আকিব জাভেদ, মাইদুল ইসলাম, কাজী মোবারক হোসেন, শাহ ফাহিম ও তারেক হাসান নির্ঝর।

নাগরিক টিভির প্রতিবেদক আবদুল্লাহ্ শাফী অতিথি খেলোয়াড় হিসেবে টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খেলছেন।