২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইমার্জিং ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের তানজিল

সমাজে শান্তি ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে বিশ্বের অন্যান্য দেশের নয় তরুণের সঙ্গে বাংলাদেশের তানজিল ফেরদৌস পেলেন যুক্তরাষ্ট্রের ‘ইমার্জিং ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 07:33 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ম্যারি রয়েস গত বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে উদীয়মান দশ তরুণের হাতে এই পুরস্কার তুলে দেন।

তানজিলের পাশাপাশি ইরাকের সারা আব্দুল্লাহ আব্দুলরহমান, ইন্দোনেশিয়ার দিওভিও আলফাত, তুরস্কের এস সিফতিসি, লিথুয়ানিয়ার জিনা সালিম হাসান হামু, পাকিস্তানের দানিয়া হাসান, নরওয়ের ন্যান্সি হার্জ, দক্ষিণ আফ্রিকার ইসাসিফিনকসি দিঙ্গি, নামার রোজ রদ্রিগেজ ও তাজিকিস্তানের ফিরুজ ইয়োগবেকভ ২০১৮ সালের ‘ইমার্জিং ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

পুরস্কারপ্রাপ্ত এই দশ তরুণ এখন যুক্তরাষ্ট্র সফরে আছেন। দুই সপ্তাহ ধরে তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেবেন।

২৪ বছর বয়সী তানজিল ফেরদৌস কাজ করছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএএইচসিআরে। তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত।

তানজিলকে নিয়ে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় ব্যুরোর ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশে সমাজ সেবামূলক কাজের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি। ব্যক্তিগতভাবে তিনি সমাজে নারী-পুরুষ বৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ অর্থনীতিতে লেখাপড়া করা তানজিল বিশ্বাস করেন, তরুণদের সমাজ সেবামূলক কাজে উদ্বুদ্ধ ও যুক্ত করা হলে তারা উগ্রবাদী কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। কিশোরী ও নারীদের আগামীর নেতা হিসেবে গড়ে তুলতে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছেন তানজিল।

২০১৫ সালে চট্টগ্রামে জাগো ফাউন্ডেশনের ইউথ উইং ভলানটিয়ার্স ফর বাংলাদেশের সভাপতির দায়িত্বে থাকার সময় তরুণ স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে তানজিল বহু সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন।

এখন তিনি কাজ করছেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে। সেখানে জাগো ফাউন্ডেশনের মাধ্যমে ৫০০ রোহিঙ্গা শিশুর জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তিনি সাহায্য করেছেন।