২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‌গাজীপুরে ভোট করতে আপিলে যাবে ইসি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের উপর হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 11:55 AM

Updated : 08 Apr 2022, 06:21 PM

উচ্চ আদালতের আদেশের দুই দিন পর মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান সাংবিধানিক সংস্থাটির সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, “গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এজন্য একজন আইন পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। কীভাবে আইনি লড়াই করা যায় নিয়ে বিকালে জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে আলোচনা করা হবে।”

নির্বাচন কমিশন সচিব বলেন, স্থানীয় সরকার বিভাগের সব ‘ক্লিয়ারেন্স’ পেয়েই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তারপরও স্থগিত হয়ে যাওয়াটা দুঃখজনক।

ভোটের তারিখের মাত্র নয় দিন আগে সীমানা জটিলতা নিয়ে এক রিট আবেদনে রোববার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয় হাই কোর্টের বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ।

এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল হবে কি না সে বিষয়ে ওই দিন বা তার পরদিনও সুনির্দিষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন।

গাজীপুর সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা এ বি এম আজহারুল ইসলাম সুরুজের এক রিট আবেদনে আদালত এই স্থগিতাদেশ দেয় আসে।

বিএনপি অভিযোগ করেছে, পরাজয় আঁচ করে সরকারই ষড়যন্ত্র করে এই নির্বাচনটি আটকে দিয়েছে। তা নাকচ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, আদালতের এই সিদ্ধান্তে সরকারের কোনো হাত নেই।

মঙ্গলবারের অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যে বিষয়টি নিয়ে আদালতের স্থগিতাদেশ এসেছে তা আগেই নিষ্পত্তি হয়েছে বলে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে। তারা বলেছে, কোনো আইনি জটিলতা নেই, মামলা নেই। সব কিছু নিশ্চিত হয়েই তফসিল ঘোষণা করা হয়েছে।

সংবিধানের ১২৫ অনুচ্ছেদের ৭ ধারা তুলে ধরে সচিব বলেন, উচ্চ আদালতের অবারিত ক্ষমতা রয়েছে। অনেক সময় এ ধরনের ঘটনা হয়ে থাকে।

সংবিধানের ১২৫ অনুচ্ছেদে (গ) বলা হয়েছে-  কোনো আদালত, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এরূপ কোনো নির্বাচনের বিষয়ে, নির্বাচন কমিশনকে যুক্তিসংগত নোটিস ও শুনানির সুযোগ প্রদান না করিয়া, অন্তর্বর্তী বা অন্য কোনোরূপে কোনো আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না।

হেলালুদ্দীন বলেন, “সংবিধানের এ অনুচ্ছেদ অনুযায়ী আমরা পর্যাপ্ত সময় পাওয়ার কথা। কিন্তু আমাদের যথেষ্ট সময় দেওয়া হয়নি, আমরা নোটিস পাইনি। আপিলে আইনি লড়াইয়ে এ বিষয়গুলো তুলে ধরা হবে।”

তিনি জানান, রোববার আদালতের নির্দেশনা পেয়েই মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে ভোটের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশের সারসংক্ষেপ সোমবার বিকালে হাতে পেয়েছে কমিশন। আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম বন্ধের লিখিত নির্দেশও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব মিজানুর রহমান খন্দকার, এস এম আসাদুজ্জামান, ফরহাদ আহাম্মদ খান ও উপ সচিব ফরহাদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

গাজীপুরে ভোট স্থগিত: অপ্রস্তুত ছিল ইসি
আদালতের আদেশে আটকে গেল গাজীপুরের ভোট