২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কটে রবীন্দ্রসাহিত্য জোগায় সাহস, শক্তি: রাষ্ট্রপতি

যে কোনো দুর্যোগ কিংবা সঙ্কটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যসম্ভার বাঙালিকে সাহস ও শক্তি জুগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 11:50 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

কবিগুরুর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি তার বাণীতে এই মন্তব্য করেন। তিনি বলেন, রবীন্দ্রনাথের কালজয়ী লেখা বিশ্বসাহিত্যেরও ‘অপরিহার্য উপাদানে’ পরিণত হয়েছে।

আলাদা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনমুখী শিক্ষা দর্শনের পথপ্রদর্শক রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনা বাঙালিকে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষায় অগ্রগামী হতে অনুপ্রাণিত করে।

রাষ্ট্রপতি বলেন, “বাঙালির সুখ-দুঃখ, আবেগ-ভালোবাসা, আশা-আকাঙ্ক্ষাসহ এমন কোনো অনুভূতি নেই, যা রবীন্দ্রনাথ স্পর্শ করেননি।”

রবিঠাকুরের রচিত বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি বাঙালির ‘জাতীয় ঐক্য ও সম্প্রীতির স্মারক’ বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলন, বাঙালির স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী আমাদের উজ্জীবিত করেছে। তার জাতীয়তাবোধ বাঙালির অনন্ত প্রেরণার উৎস।

“জীবনের প্রতিটি সমস্যা সংকট, আনন্দ-বেদনা এবং আশা-নিরাশার সন্ধিক্ষণে রবীন্দ্রসৃষ্টি আমাদের চেতনাকে আন্দোলিত করে, এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। আমাদের চিন্তা, বোধ ও অনুভূতিতে তিনি আমাদের হৃদয়ের কাছের মানুষ।”

রবিঠাকুরের জীবনমুখী শিক্ষাদর্শনের ‘পথপ্রদর্শক’ উল্লেখ করে শিলাইদহ, শাহজাদপুর ও পতিসরে অবস্থানকালে এসব অঞ্চলের মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে তার অবদান  এখনও অনুসরণীয় বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে, জীবন-সংগ্রামের প্রতিটি ক্রান্তিকালে আমাদের পাশে থাকেন রবীন্দ্রনাথ। আমাদের মননে বিশ্বকবির ব্যঞ্জনাময় উপস্থিতি শোষণ, বঞ্চনা, সাম্প্রদায়িকতা, সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধের মাধ্যমে বাঙালির অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে। “

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক- বহু পরিচয়ে স্বীকৃত।

১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) পশ্চিমবঙ্গের জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ বেড়ে উঠেছিলেন সাংস্কৃতিক পরিমণ্ডলে।

সঙ্গীত, সাহিত্য ও নাট্যাভিনয়ে মুখর সে বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি প্রীতির সৌন্দর্যবোধে মুগ্ধ হন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলেও রবীন্দ্রনাথ ঠাকুর গৃহশিক্ষকের কাছে সংস্কৃতি, ইংরেজি সাহিত্য, পদার্থবিদ্যা, গণিত, ইতিহাস, ভূগোল, প্রাকৃতবিজ্ঞানসহ নানা বিষয়ে শিক্ষা লাভ করেন।

এসময় স্ফূরণ ঘটে তার কাব্য প্রতিভার। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতে থাববে তার কবিতা। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অনাগ্রহী রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠানো হয়েছিল বিলেতে। কিন্তু সেখানে পড়া অসম্পূর্ণ রেখেই তিনি ফিরে আসেন দেশে। পরাধীন ভারতবর্ষের রাজনীতি, সমাজ ব্যবস্থা ও স্বাধীনতা সংগ্রাম এসময়ে তার মনে গভীর রেখাপাত করে।

দেশে ফিরে তিনি আবারো মন দেন সাহিত্যচর্চায়। পাশাপাশি তার অভিনেতা, পরিচালক, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ইত্যাদি নানা প্রতিভা প্রকাশিত হতে থাকে।

১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথের বিয়ে হয় মৃণালিনী দেবী রায়চৌধুরীর সঙ্গে।

বিয়ের পর পিতার ব্রাহ্ম সমাজ আন্দোলন ও জমিদারি রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় তার কাঁধে। এসময় তিনি লোকজীবনের কাছাকাছি যাওয়ার সুযোগ পান, আসেন বাংলাদেশে। শাহজাদপুর, পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে সাধারণ মানুষের জীবনপ্রণালী সমাজব্যবস্থা নিয়ে তিনি যেমন লিখেছেন, তেমনিভাবে গোটা সমাজ ব্যবস্থাকে সংস্কারেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেন। তার বিভিন্ন প্রবন্ধে এসময় তার স্বদেশী ভাবনার কথা প্রকাশিত হতে থাকে। ১৯০১ সালে রবীন্দ্রনাথ শিলাইদহের বাস তুলে দিয়ে চলে যান শান্তিনিকেতননে, পরে সেখানে প্রতিষ্ঠা করেন ব্রহ্মচর্যাশ্রম, পরবর্তী পর্যায়ে যা পরিণত হয় বিশ্বভারতীতে।

ভারতবর্ষের জাতীয় প্রকৃতি ও তার ইতিহাসের নানা ধারা আর অন্যদিকে অধ্যাত্মভাবনায় নিয়ে তিনি রচনা করেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। পরে এই গ্রন্থের জন্য ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন।

রবীন্দ্র সৃষ্টির অন্যতম ধারা তার রচিত, সুরারোপিত গান।

১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবা হত্যাকাণ্ডের পর ইংরেজদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেন রবীন্দ্রনাথ।

১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গঠন করেন বিশ্বভারতী পরিষদ। তখন বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। কবি সে সময়ে প্রতিষ্ঠা করেন শ্রীনিকেতন কৃষি ও পল্লী সংগঠন।

বিশ্বপরিক্রমায় রবীন্দ্রনাথ ঠাকুর আঁতকে উঠেছিলেন মহাযুদ্ধের ধ্বংসযজ্ঞ আর ক্রমাগত মানবহত্যার ভয়াল চিত্রে। মানবসভ্যতার পরিত্রাণের কথা বলেছেন দেশে বিদেশে, সভ্যতার সঙ্কটগুলো চিহ্নিত করে সতর্ক করেছেন মানবজাতিকে।

১৯৪১ সালে জোড়াসাঁকোতে মারা যান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

রবীন্দ্র-জন্মজয়ন্তীর রাষ্ট্রীয় আয়োজনটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহে। মঙ্গলবার বিকাল ৩টায় শিলাইদহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই আয়োজনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে যোগ দেবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার সন্ধ্যায় ছায়ানটে শুরু হবে দুদিনের রবীন্দ্র উৎসব। গান, পাঠ, আবৃত্তি, নৃত্য দিয়ে সাজানো এবারের আয়োজনে যুক্ত করা হয়েছে অরুণাভ লাহিড়ি রচিত ‘মহাবিশ্বে মহাকাশে’ গীতি আলেখ্য এবং রবীন্দ্র-ভাবনায় ভ্রষ্টলগ্ন নিয়ে সন্‌জীদা খাতুনের ভূমিকা ও গ্রন্থনায় একটি গীতকাব্য পরিবেশনা।

এছাড়া সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে রয়েছে আলোচনা ও নৃত্যানুষ্ঠান।