কোটার কমিটি শিগগিরই হবে, আশা মন্ত্রিপরিষদ সচিবের
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারে জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই একটি কমিটি করবে বলে ‘আশা করছেন’ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তবে কত দিনের মধ্যে সেই কমিটি হতে পারে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেছেন, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর কাছ থেকে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে শফিউল বলেন, “কোটা নিয়ে (সোমবারের মন্ত্রিসভা বৈঠকে) কোনো আলোচনা হয়নি, অগ্রগতিও নেই, যে অবস্থানে ছিল তাই (আছে)।”
কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের জন্য কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কাছে এখনও (কমিটি গঠনের প্রজ্ঞাপন) পৌঁছায়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এটার অগ্রগতি আমাদের জানাতে বলেছি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে (কমিটির) প্রজ্ঞাপন জারি হলে আমাদের কাছে আসবে, আমরা তখন কমিটি নিয়ে বসব।”
কত দিনের মধ্যে সেই কমিটি হবে তার কোনো সময়সীমা নির্ধারণ করা নেই বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
প্রজ্ঞাপন শিগগিরিই জারি হবে কি না- এ প্রশ্নে শফিউল আলম বলেন, “আশা করি, আশা করি। অনেক দিন বন্ধ ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন। কাজেই ওই বিষয়ে খুব বেশি কাজ আগায়নি “
তিনি বলেন, “কমিটি গঠন হবে, বসবে। আলোচনা করে যেটা ভালো হয় সেটা করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটি নিশ্চিত করবে।… মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি হবে। কমিটির বাকি সদস্য কারা হবে সেটা জনপ্রশাসন ঠিক করবে।”
কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে দৃশ্যত ক্ষুব্ধ শেখ হাসিনা গত ১১ এপ্রিল জাতীয় সংসদে বলেন, “বারবার এই আন্দোলন ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল; পরিষ্কার কথা; আমি এটাই মনে করি, সেটা হল বাতিল।”
কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করার কথাও ওই দিন বলেন সরকারপ্রধান।
বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবি তুলেছিল। কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণের দাবিও জানিয়েছিল তারা।
প্রধানমন্ত্রী কোটা বাতিলের কথা বলার পর তারা এখন সেই প্রজ্ঞাপন দ্রুত প্রকাশের দাবি জানাচ্ছে।
