২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা শেখা উচিত মিয়ানমারের: প্রধানমন্ত্রী

ধর্মীয় সম্প্রতি কিভাবে রক্ষা করে রাষ্ট্র চালাতে হয় সে বিষয়ে মিয়ানমারের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 09:33 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রোববার বিকালে গণভবনে বৌদ্ধ ধর্মের নেতা ও প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “আমার তো মনে হয় মিয়ানমারেরও শিক্ষা গ্রহণ করা উচিত যে, কিভাবে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একটা রাষ্ট্র চলতে পারে।”

বৌদ্ধদের ধর্মীয় গুরুর অহিংস নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “গৌতম বুদ্ধের শিক্ষা যদি আমরা দেখি সেটা সকলের প্রতি বন্ধুত্ব, সকলের সঙ্গে মিলে চলা। সৌহার্দ্যপূর্ণ ও অহিংস পরিবেশ সৃষ্টি করা এটাই তো ছিল গৌতম বুদ্ধের শিক্ষা।

“আর বাংলাদেশ- আমরা যদি সকল ধর্মকে দেখি সেখানেও এই শিক্ষাটাই পাই। সেখানে ধর্মে ধর্মে সংঘাত, অশান্তি সৃষ্টি হোক সেটা কিন্তু কোনো ধর্মেই বলে না।”

রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা দেখেন মিয়ানমারে কিভাবে সেখানে রোহিঙ্গাদের ওপর অত্যাচার করা হয়েছে, অমানবিক অত্যাচার।”

গত বছরের অগাস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে বাংলাদেশ সীমান্তে ঢল নামে মুসলিম রোহিঙ্গাদের। নিপীড়িত সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আগে থেকে আছে আরও চার লাখের মতো রোহিঙ্গা।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতক সংস্থা ও দেশের চাপে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বাংলাদেশ সরকারের সঙ্গে গত ডিসেম্বরে চুক্তি করলেও শরণার্থী প্রত্যাবাসনে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

 এত বেশি শরণার্থী একসাথে চলে আসায় ধর্মীয় সম্প্রীতি রক্ষা নিয়ে নিজের উদ্বেগের কথাও জানান প্রধানমন্ত্রী।

“স্বাভাবিকভাবে আমি খুব উদ্বিগ্ন ছিলাম। সাথে সাথে আমরা যথাযথ ব্যবস্থা নিই। এটুকু আমরা দাবি করতে পারি মানবিক কারণে আমরা শুধু তাদের আশ্রয়ই দেইনি; ওখানে কোনোরকম সংঘর্ষ যেন না হয়, কোনোরকম সহিংসতা স্থান না পায় তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

“আবার প্রতিবেশি দেশ হিসেবে তাদের সঙ্গে কোনোরকম সংঘাতে আমরা যাইনি। আমরা আলোচনার মাধ্যমে সমাধানের প্রচেষ্টা কিন্তু অব্যাহত রাখছি। যে কারণে সারাবিশ্ব আজকে প্রশংসা করছে।”

শেখ হাসিনা বলেন, যেকোনো ধর্মের মানুষের জন্মভূমিতে, মাতৃভূমিতে তাদের অধিকার রয়েছে। সে অধিকারটাও সংরক্ষণ করা দরকার। সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা উল্লেখ করে তিনি বলেন, “অন্তত এটুকু আমরা দাবি করতে পারি যে, আমরা সরকার গঠন করার পর সেই পরিবেশটা সৃষ্টি করতে সক্ষম হয়েছি।”

স্বাধীনতা সংগ্রাম থেকে প্রতিটি সংগ্রামে এদেশের সব ধর্মাবলম্বীরাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশ একটি দেশ যেখানে অসাম্প্রদায়িক চেতনায় এই দেশ এই সমাজ গড়ে উঠবে। বাংলাদেশে সকল ধর্মের মানুষ ধর্ম পালনের স্বাধীনতা অর্জন করবে। হিংসা-দ্বেষ ভুলে শান্তিতে বসবাস করবে। গৌতম বুদ্ধের সেটাই কিন্তু শিক্ষা।”

২০০১ সালের পর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির‌্যাতনের কথাও তুলে ধরেন তিনি।

তার সরকারের সময় প্রত্যেক ধর্মের নামে ট্রাস্ট ফান্ড করে দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “যোগ্যতা অনুযায়ী, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে চাকরি এবং সর্বক্ষেত্রেই আমরা কিন্তু সবাইকেই নিয়োগ দিচ্ছি। এখানে কিন্তু ধর্মীয় কোনো বাধ্যবাধকতা নাই।”

বরং ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের জন্য বিশেষভাবে সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশের অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা শান্তির বাণী ছড়াবেন, যাতে আমরা উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে পারি।”

এছাড়া সংখ্যালঘু না ভেবে নিজেদের অধিকার নিয়ে চলারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।