২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ইউপিএলের বইয়ের প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে বইয়ের প্রদর্শনী করছে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 10:56 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

শুক্রবার এই গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় প্রদর্শনীটি চলবে।

মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে বই কেনা যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে বিকালে সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “আজকে আমাদের মধ্যে আশঙ্কা যে মুদ্রিত বই টিকে থাকবে কি থাকবে না। আমার মনে হয় থাকবে। কারণ পাশ্চাত্যের যেসব দেশে প্রযুক্তি বিকাশ লাভ করেছে সেসব দেশেও নতুন বই প্রকাশিত হলে তা কেনার জন্য ভিড় জমে যায়। বই পড়ে আমরা যে জ্ঞান অর্জন করি, বিনোদন পাই তা হারিয়ে যেতে পারে না।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বাংলাদেশের প্রকাশনা জগতে ৪০ বছর পার করা প্রকাশনা সংস্থা ইউপিএলের কার্যক্রমের ওপর আলোকপাত করেন।

তিনি বলেন, “ইউপিএলের বই একটা ব্র্যান্ড। বইয়ের গায়ে ইউপিএল লেখা দেখলে আমরা অনুমান করি যে, বইটি নির্ভুল হবে। রোববার ক্লাস শুরু হলে আমাদের শিক্ষার্থীরা যখন দেখবে যে আমাদের প্রাঙ্গণে এরকম বইয়ের সম্ভার বসেছে তখন তারা নিশ্চয়ই অনেক বেশি উৎফুল্ল হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।

তিনি বলেন, “আমাদের এই সামাজিক বিজ্ঞান ভবনটির লবি অনেক বড়। আমারা চেয়েছি কোনো না কোনোভাবে এই লবিটি ব্যাবহার করতে। সে কারণেই এই গ্রন্থ প্রদর্শনীর আয়োজন।”

সমাজ বিজ্ঞানের এই শিক্ষক বলেন, “আমাদের যে প্রাইভেট চ্যানেলগুলো আছে সেখানে টকশো হলে তার মধ্যে চারবার বিজ্ঞাপনের জন্য বিরতি দেয়। সেখানে বিজ্ঞাপন দেওয়া হয় নানা ধরনের পণ্যের। কিন্তু সেখানে যদি পণ্যের বদলে বইয়ের বিজ্ঞাপন দেওয়া হত তাহলে জ্ঞানভিত্তিক সমাজকাঠামোর বিনির্মাণে আমারা আরও এগিয়ে যেতাম।”

ইউপিএলের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ বলেন, প্রদর্শনীতে বই বিক্রির ওপর ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

“তার মানে এই নয় যে, লস হচ্ছে বলে ছাড় দেওয়া হচ্ছে। যারা বই পড়তে ভালোবাসেন, বইকে ভালোবাসেন সেই বইপ্রেমীদের জন্য এটা একটা উপহার।”