২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক পণ্যে কর বাড়ানোর প্রস্তাব

তামাকপণ্যের ওপর একাধিক মূল্যস্তরভিত্তিক ‘এড-ভ্যালোরেম’ করারোপের পরিবর্তে নির্দিষ্ট ‘এক্সাইজ’ ট্যাক্স পদ্ধতির প্রচলন, তামাককর নীতিমালা প্রণয়ন এবং ২০১৮-১৯ অর্থবছরে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির দাবি জানিয়েছে কয়েকটি তামাকবিরোধী সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 12:37 AM

Updated : 19 Aug 2022, 02:00 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মা’র উদ্যোগে ‘কেমন তামাক-কর চাই?’ শীর্ষক এক সংবাদ সম্মেলন এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার আব্দুল মালিকের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার নাসির উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে আত্মার সহ-আহ্বায়ক ও এটিএন বাংলার প্রধান প্রতিবেদক নাদিরা কিরণ লিখিত বক্তব্যে বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের ব্যবহার হ্রাস করতে আসন্ন ২০১৮-১৯ বাজেটে তামাকপণ্যে যুগোপযোগী এবং কার্যকর করারোপ করতে হবে।”

তিনি বলেন, “কর আরোপের মাধ্যমে তামাকের প্রকৃতমূল্য ১০ শতাংশ বৃদ্ধি পেলে নিম্ন ও মধ্যম আয়ের দেশে তামাকের ব্যবহার ৫ শতাংশ হ্রাস পায়। কিন্তু কার্যকর করারোপের অভাবে এদেশে তামাকপণ্যের মূল্য বাড়েনি, বরং সস্তা হয়েছে।

“ভোক্তা মূল্যসূচক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০১-০২ সাল থেকে ২০১২-১৩ সময়ে দুধ, ডিম ও চালের তুলনায় সিগারেট ক্রমশ সস্তা হয়ে পড়েছে। গবেষণায় দেখা গেছে, তামাকের উপর কার্যকরভাবে করারোপ করলে তামাকের ব্যবহার হ্রাস পায় এবং রাজস্ব আয়ও বৃদ্ধি পায়।”

‘এড-ভ্যালোরেম’ পদ্ধতি তুলে না দেওয়া পর্যন্ত সুনির্দিষ্ট এক্সাইজ ট্যাক্সের অংশ ক্রমশ বৃদ্ধি করা; আয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে সুনির্দিষ্ট এক্সাইজ ট্যাক্স নিয়মিত বৃদ্ধি করার পাশপাশি সকল প্রকার ই-সিগারেট এবং হিট-নট-বার্ন (আইকিউওএস) তামাকপণ্যের উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণ নিষিদ্ধের সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে।

এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণসহ অসংক্রামক রোগ মোকাবেলায় অর্থায়ন এবং স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ২ শতাংশে উন্নিত করারও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি নাসিরউদ্দীন আহমেদ বলেন, “তামাক পণ্যে কর বৃদ্ধি করলে রাজস্ব বাড়ে এটা সত্য, কিন্তু এক্ষেত্রে সংবিধান অনুযায়ী সংসদের অনুমোদন নিয়ে আসতে হয়।

“অনেক সময় ট্যাক্স বাড়াতে গেলে এর বিরুদ্ধে কিছু এমপি সাহেব তদবির করেন। তারা ‘ডিও লেটার’ দেন। ফলে কার্যকর কিছুই হয় না “

এনবিআরের সাবেক চেয়ারম্যান মনে করেন, এনবিআরের কর আদায়ের ক্ষেত্র না বাড়ানোর কারণে সিগারেট কোম্পানির উপর নির্ভরশীল হতে হয়। সেজন্য কোম্পানির কিছু দাবি এনবিআরকে মানতে হয়। এটা একটা সীমাবদ্ধতা।

এনবিআরের মোট রাজস্বের ১০ এবং ভ্যাটের ৩০ শতাংশ আসে সিগারেট থেকে। বিড়ি থেকে আসে ৪ শতাংশ। আর ধোঁয়াবিহীন তামাক জর্দ্দা, গুল থেকে আসে শূন্য দশমিক ২ শতাংশ কর।

এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দীন বলেন, “তামাক পণ্যের ওপর কর বাড়ানো হলে চোরচালান বেড়ে যাবে, এই অভিযোগটি সত্য নয়। জাতীয় রাজস্ব বোর্ডের এই যুক্তি মেনে নেওয়া ঠিক হবে না।”

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আব্দুল মালিক বলেন, “তামাক সমস্ত বিশ্বের জন্য একটি অভিশাপ। তামাক থেকে ক্যান্সারের মতো বড় ধরনের রোগ হয়ে থাকে, যা বিশ্বে প্রমাণিত। কিন্তু এসব থেকে আমরা বাঁচতে না পারার কারণ হল তামাক কোম্পানিগুলো কৌশলে আমাদের মধ্যে প্রচারণা ও বিষপানে অভ্যস্থ করে চলেছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. সৈয়দ মাহফুজুল হক, আত্মার আহ্বায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার, সিটিএফকের গ্রান্টস ম্যানেজার (বাংলাদেশ) ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, দি ইউনিয়নের সৈয়দ মাহবুবুল আলম, ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি অ্যাডভাইজার শফিকুল ইসলাম বক্তব্য দেন।

প্রজ্ঞা ও আত্মা'র এই উদ্যোগের অংশীদার অন্যান্য তামাকবিরোধী সংগঠন হল- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) এবং তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)।