হত্যার চিহ্ন পেল না থানা পুলিশ, পেল পিবিআই
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ফেলে আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ তদন্ত করে থানা পুলিশ কিছু না পেলেও পুলিশ ব্যুরো ইভেস্টগেশন (পিবিআই) আড়াই বছর পর তার রহস্য উদঘাটন করেছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হচ্ছে ইব্রাহিম (৩০) এবং আলেয়া আক্তার (২৬)।
পিবিআই জানায়, ২০১৬ সালে ২৭ জানুয়ারি ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি এলাকার একটি বাসায় মীর্জা শাকিল নামে ওই যুবককে কৌশলে তার কথিত স্ত্রী আলেয়া এবং বন্ধু ইব্রাহিম কৌশলে বিষাক্ত জাতীয় দ্রব্য খাইয়ে হত্যা করে।
এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি মামলা হলে থানা পুলিশ দীর্ঘ তদন্ত করে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছিল। আদালত তা গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্ত করতে বলে।
গত বছর ২৩ নভেম্বর দায়িত্ব পাওয়ার পর পিবিআই বেশ চাঞ্চল্যকর তথ্য পায় বলে জানান সংস্থার ঢাকা মহানগরের বিশেষ সুপার আবুল কালাম আজাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিঙ্গাপুর প্রবাসী কোরবান আলীর স্ত্রী আলেয়ার সাথে একই এলাকার মির্জা শাকিলের পরকীয়া হয়। দুই সন্তানের জননী আলেয়া এক সময় বড় সন্তানকে তার মায়ের বাড়ি পাঠিয়ে ছোট কন্যা সন্তানকে নিয়ে শাকিলের সাথে ১৪৭/১ দক্ষিণ যাত্রাবাড়ির বাসায় থাকা শুরু করে।”
আনুষ্ঠানিকভাবে বিয়ে না করলেও আলেয়া ও শাকিল স্বামী-স্ত্রী পরিচয় দিতেন বলে বলে এই পিবিআই কর্মকর্তা জানান।
তিনি বলেন, “ওই বাসায় শাকিলের ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম নিয়মিত আসা শুরু করলে তার সাথে আবার আলেয়ার পরকীয়া শুরু হয়। এতে ইব্রাহিম এবং শাকিলের মধ্যে কিছুটা মনোমালিন্য দেখা দেয়। তখন শাকিলকে হত্যার পরিকল্পনা করে তারা দুজন।”
“পরিকল্পনা অনুযায়ী, ২৬ জানুয়ারি রাতে শাকিলের বাসায় মদের আসর বসে। আলেয়াও মদ পান করে, তবে তা অতিরিক্ত নয়। কিন্ত শাকিলকে বেশি করে মদ পান করানো হয়।”
পিবিআই কর্মকর্তা আজাদ বলেন, “পরদিন সকালে শাকিলের অবস্থা খারাপ হলে ইব্রাহিম নিচে গিয়ে বোতলে তরল জাতীয় কিছু এনে শাকিলকে পান করায়। এতে শাকিলের অবস্থা আরও খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।”
