২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরভাতা পেলেন ১৩০০ শিক্ষক-কর্মচারী

অবসর ও কল্যাণ ট্রাস্ট্রের ভাতা পেয়েছেন হজে যেতে ইচ্ছুক এক হাজার ৩২৯ জন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 07:37 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

সোমবার অনলাইনে তাদের ব্যাংক হিসাবে ৬৪ কোটি ৪৯ লাখ টাকা পাঠানো হয়েছে।

রাজধানীর বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) আয়োজিত অনুষ্ঠানে বোতাম চেপে ওই টাকা পাঠান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের পাঁচটি উপজেলায় ভাতার সুবিধাপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ও অতিথিরা।

উপজেলাগুলোর মধ্যে ছিল সিলেটের বিয়ানীবাজার, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, কিশোরগঞ্জ সদর, রাজশাহীর গোদাগাড়ি ও ময়মনসিংহের গফরগাঁও।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন এলাকার শিক্ষকরা অবসর ও কল্যাণ সুবিধার ক্ষুদে বার্তা মোবাইলে পাওয়ার কথা জানান।

শিক্ষকদের অবসরকালীন ভাতা পাওয়ার বিষয়টি সরকার নিয়মের মধ্যে এনেছে উল্লেখ করে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাহিদ জানান, অবসরের পর আবেদনের সময় বিবেচনায় নিয়ে ক্রমান্বয়ে অবসর ও কল্যাণ ট্রাস্ট্রের ভাতা দেওয়া হচ্ছে। তবে হজসহ ধর্মীয় প্রয়োজনে, গুরুতর অসুস্থ্, মুক্তিযোদ্ধা এবং মৃত শিক্ষক-কর্মচারীর অস্বচ্ছল পরিবারকে তারা অগ্রাধিকার দিচ্ছেন।

“আগে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসর ভাতার জন্য চেকের পেছনে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় করতেন এবং জীবনও শেষ করতেন। এখন আর চেকের পেছনে ঘুরতে হচ্ছে না। চেকই শিক্ষকদের পেছনে ঘুরছে।”

অবসরের পর ভাতার টাকার জন্য কাউকে ঘুষ দিতে হয় না মন্তব্য করে মন্ত্রী বলেন, “আপনারা যেহেতু কেউ বলেননি, তার মানে ঘুষ দিতে হচ্ছে না। যদি এখনই বলেন, এক্ষেত্রে কেউ ঘুষ চেয়েছে বা নিয়েছে, তাহলে তার বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেব আমরা।”

অর্থপ্রাপ্তিসহ নানা সীমাবদ্ধতার কারণে বিলম্ব হলেও সবার অবসরকালীন ভাতা ভালো প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট্র আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট্রের সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।

অন্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাহাবুবুর রহমান, শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মো. শাহজাহান আলম সাজু এবং অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব শরীফ আহমদ সাদী অনুষ্ঠানে বক্তব্য দেন।