২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি শ্রমিক সংগঠনগুলোতেও: সমীক্ষা

শুধু শিল্প কারখানাগুলোতেই নয়, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনগুলোতেও নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে উঠে এসেছে বাংলাদেশ শ্রম ইনস্টিটিউটের (বাশি) এক সমীক্ষায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 07:32 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনে নারীর কাজ করার বাধা’ শীর্ষক সমীক্ষার ফলাফল উপস্থাপন করেন বাশি’র সদস্য ফারহানা আফরিন তিথি।

সমীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, যে শ্রমিক সংগঠন যৌন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাদের নেতাকর্মী নিজেরাই নারী সদস্যদের যৌন হয়রানি করেন। ফেডারেশনগুলোতে নেতারা নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদেরকে অন্যভাবে চিন্তা-ভাবনা করে।

তৈরি পোশাক শিল্পের শ্রমিক সংগঠনে জড়িত নারী সংগঠক ও নেত্রীরা মাঠে আন্দোলন-সংগ্রাম করলেও পদ-পদবি বাগিয়ে নেন পুরুষ নেতারা।

গবেষণায় সাক্ষাৎকার দেওয়া নারীনেত্রীরা কেউ কেউ বলেছেন, প্রথমদিকে তারা কাজের সুযোগ পেলেও নেতা হিসেবে বিকশিত হওয়ার এক পর্যায়ে সে সুযোগ বন্ধ হয়ে যায়।

এ সমীক্ষায় অংশ নিয়েছেন ২৮ জন নারী ও পুরুষ শ্রমিক, নেতা ও শ্রম আদালতের আইনজীবী।

প্রতিবেদনে ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনে নারীদের যোগ দেওয়ার ক্ষেত্রে এবং নেতৃত্ব বিকাশের পথে প্রধান ছয়টি প্রতিবন্ধিকতা চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে- ঘরে বাইরে প্রচণ্ড কাজের চাপ, শ্রমিক অধিকার আদায়ে নারী নেতৃত্ব দিলেও সংগঠনে পুরুষরাই বড় বড় পদে অধিষ্ঠিত থাকেন, নারী নেতৃত্ব বিকাশে বাধা সৃষ্টির জন্য সংগঠনের নারীদের মধ্যে স্বার্থের কৃত্রিম দ্বন্দ্ব সৃষ্টি করা হয়, শ্রমিক সংগঠনগুলোর প্রতি সাধারণ শ্রমিকের আস্থার অভাব এবং বাংলাদেশ শ্রম আইনের ২৩, ২৬, ২৭, ১৭৯ ও ১৮০ ধারাসহ বিভিন্ন নিবর্তনমূলক ধারা, যা শ্রমিকদের সংগঠন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করে।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রম ইন্সটিটিউটের (বাশি) ট্রাস্টি বোর্ডের সভাপতি শাহ আতিউল ইসলাম বলেন, “বাংলাদেশে শ্রমিকদের একটি গুরুত্বপূর্ণ অংশ নারী। শ্রমিক আন্দোলনে তাদের অংশগ্রহণ বা অবদান মোটেই কম নয়। অথচ সংগঠনগুলোর নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অবস্থান সুদৃঢ় নয়, যা সুস্পষ্টভাবে শ্রমিক আন্দোলনের দুর্বলতার দিককেই উন্মোচিত করছে।”

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, “আন্দোলন-সংগ্রামে নারীরা সামনের সারিতে থাকলেও সংগঠনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অবস্থান এখনও গৌণ। দেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী নারী হওয়া সত্ত্বেও সাংগঠনিক পর্যায়ে নারীর অংশগ্রহণ অত্যন্ত কম।”

এ অবস্থা নিরসনে করণীয় খুঁজে বের করতে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন তিনি।