২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা বলে গেলেন, তারা চোখ ফিরিয়ে নেবেন না

নাইক্ষ্যংছড়ির কোনারপাড়ার শূন্য রেখায় এবং উখিয়ার কুতুপালংয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের পরিস্থিতি নিজের চোখে দেখে, তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজের কানে শুনে গেলেন বাংলাদেশ সফররত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 06:48 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

তারা বলে গেলেন, সঙ্কটের মাত্রা ‍খুবই ভয়াবহ, কিন্তু রাতারাতি এই সঙ্কটের সমাধান করে ফেলা সম্ভব নয়।

তবে তারা নিরাপত্তা পরিষদে আলোচনা করে সম্ভাব্য সবচেয়ে ভালো সমাধানটি খুঁজে বের করার চেষ্টা করবেন, এই সঙ্কট থেকে চোখ ফিরিয়ে নেবেন না- সেই প্রতিশ্রুতি তারা দিয়ে গেলেন।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক ব্রিফিংয়ে এই প্রতিনিধি দলের প্রধান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চলতি এপ্রিল মাসের অধিবেশনের সভাপতি পেরুর প্রতিনিধি গুস্তাবো আদোলফো মেসা কুয়াদ্রা ভেলাসকাস বলেন, “সমস্যা কতটা গভীর তা বুঝতেই আমাদের এ সফর। আমরা ক্যাম্প ঘুরে দেখেছি, মানুষের সাথে কথা বলেছি, পরিস্থিতি সম্পর্কে একটি বাস্তব ধারণা পেয়েছি।”

গতবছর অগাস্টে মিয়ানমারের রাখাইন থেকে নতুন করে রোহিঙ্গাদের ঢল শুরু হয়ার পর এই প্রথম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো প্রতিনিধি দলে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল।

মিয়ানমারের সেনাবাহিনীর ব্যাপক হত্যা নির্যাতনের মুখে গত আট মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। সেনাবাহিনীর ওই অভিযানকে জাতিসংঘ বর্ণনা করে আসছে জাতিগত নির্মূল অভিযান হিসেবে। 

জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর পর্ষদ হিসেবে বিবেচিত নিরাপত্তা পরিষদেও এ সঙ্কট নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে মিয়ানমারের ভূমিকার সমালোচনা এসেছে সদস্য দেশগুলোর কাছ থেকে।

রোহিঙ্গাদের পরিস্থিতি সরাসরি দেখতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের প্রতিনিধিরাসহ মোট ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার বিকালে কক্সবাজার পৌঁছায়।

তবে ভেটো ক্ষমতার অধিকারী পাঁচ দেশের মধ্যে কেবল যুক্তরাজ্যই তাদের স্থায়ী প্রতিনিধিকে এই সফরে পাঠিয়েছে, বাকি চার দেশ পাঠিয়েছে উপ প্রতিনিধিকে।   

রোববার সকালে তারা প্রথমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রুর কোনারপাড়ায় সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের ক্যাম্প ঘুরে দেখেন।  সেখানে তারা রোহিঙ্গা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের সহযোগিতার আশ্বাস দেন।

এক ঘণ্টার বেশি সময় সেখানে কাটিয়ে প্রতিনিধি দলের সদস্যরা যান উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে তারা ইউএনএইচসিআর, আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন, তাদের মতামত শোনেন।

পরিদর্শন শেষে কুতুপালং ক্যাম্পে একটি ছাউনিতে সাংবাদিকদের সামনে আসেন নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা।

যুক্তরাজ্যের প্রতিনিধি  কারেন পিয়ার্স বলেন, “এই সংকট থেকে উত্তরণে নিরাপত্তা পরিষদ বাংলাদেশ এবং মিয়ানমার সরকারকে আন্তারিকভাবে সহায়তা দিতে চায়। তবে নিরাপত্তা পষিদের কোনো ব্যর্থতার কারণে এ সমস্যার সৃষ্টি হয়নি। তাদের (রোহিঙ্গা) যেভাবে মূল ধারা থেকে বাদ দেওয়া হয়েছে, যে ব্যবহার তাদের সাথে করা হয়েছে, সেটাই আছে এ সমস্যার মূলে। ফলে তারা বাধ্য হয়েছে বাংলাদেশে পালিয়ে আসতে।”

মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে ওই অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অধিকাংশ দেশ ও সংস্থা রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় সমালোচনায় মুখর হলেও মিয়ানমারের মিত্র চীন ও রাশিয়া সেনা অভিযানের পক্ষে বিবৃতি দিয়েছিল। জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব পাসের ক্ষেত্রে ওই দুই দেশের বিরোধিতাও এসেছিল।  অবশ্য পরে তারাও এখন রোহিঙ্গা সঙ্কটের সুষ্ঠু সমাধানের কথা বলছে।  

কুতুপালংয়ের সংবাদ সম্মেলনে  নিরাপত্ত পরিষদে রাশিয়ার উপ স্থায়ী প্রতিনিধি  দিমিত্রি পোলিয়ানস্কি বলেন, “সিকিউরিটি কাউন্সিলের ওপর অনেক প্রত্যাশা। কিন্তু আমাদের হাতে কোনো ম্যাজিক সলিউশন নেই। আমরা সম্ভাব্য সবচেয়ে ভালো সমাধানটি খুঁজে বের করার চেষ্টা করব। সেজন্যই বাংলাদেশে এখানে এবং মিয়ানমারের পরিস্থিতি আসলে কেমন, তা দেখা আমাদের জন্য জরুরি ছিল।”

রাশিয়ার প্রতিনিধি বলেন, “আমরা এখনও দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে এই সমস্যা সমাধানের পক্ষপাতী। আমরা দুই দেশের সরকারকেই বোঝাতে চেষ্টা করছি যেন তারা গঠনমূলক আলোচনা চালিয়ে যায়। আর আমরাও নিরাপত্তা পরিষদে আলোচনা করে সম্ভাব্য সবচেয়ে ভালো সমাধানটি খুঁজে বের করার চেষ্টা করব।”

নিরাপত্তা পরিষদে এ সঙ্কট নিয়ে আলোচনার কথা মনে করিয়ে দিয়ে পোলিয়ানস্কি বলেন, “আমরা আলোচনা থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছি না, চোখ বন্ধ করেও থাকছি না। সে কারণেই আমরা আজ এখানে এসেছি।”

তিনি বলেন, কিছু কিছু সময় থাকে যখন সঙ্কটের কোনো তাৎক্ষণিক সমাধান খুঁজে পাওয়া যায় না। তবে তারা একটি ‘ভালো’ সমাধান খুঁজে বের করতে চান, যা ‘সবার কাছে গ্রহণযাগ্য’ হবে।

নিরাপত্তা পরিষদে চীনের উপ স্থায়ী প্রতিনিধি উ হাইতাও বলেন, “আমরা এখনই কোনো সমাধান বা সিদ্ধান্ত দিয়ে দেওয়ার জন্য হয়ত প্রস্তুত নই। আমি বলতে চাই, এখানে এসে, ক্যাম্প পরিদর্শনের মধ্যে দিয়ে, কর্মকর্তাদের সঙ্গে কথা বলার মাধ্যমে আমাদের মিশন শুরু হল। যে পরিমাণ সাংবাদিক এখানে আছেন, তাতে স্পষ্ট যে বিষয়টি মিডিয়ার কতটা মনোযোগে আছে।

“আমি বলতে চাই, আমরা এখানে প্রমোদ ভ্রমণে বা ছুটি কাটাতে আসিনি। আমরা এখানে এসেছি কারণ এটাকে আমরা গুরুতর সঙ্কট বলে মনে করছি এবং সমাধান খোঁজার চেষ্টা করছি। সুতরাং আজই আপনারা আমাদের কাছে কোনো একটি সিদ্ধান্তের আশা করবেন না। আমরা প্রতিশ্রুতি দিতে চাই, এই সঙ্কট থেকে আমরা দৃষ্টি ফিরিয়ে নেব না।” 

চীনের প্রতিনিধি বলেন, রোববার ঢাকা ফিরে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গেও তাদের কথা হবে। পরে নিউ ইয়র্কে ফিরে তারা একসঙ্গে বসে করণীয় ঠিক করবেন।

এই প্রতিনিধি দলের সঙ্গে থাকা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্রিফিংয়ে বলেন, কিছু বিষয়ে নিরাপত্তা পরিষদের সব দেশের একমত হতে হয়ত সময় লাগবে। তবে এ সমস্যার সমাধান যে দ্রুত করা উচিৎ,েএ সমসার সমাধান যে মিয়ানমারেই নিহিত আছে, এই সমস্যার জন্য দায়ী না হয়েও বাংলাদেশকে যে ভুগতে হচ্ছে, সেজন্য বাংলাদেশের পাশে থাকা- এসব বিষয়ে তারা সবাই একমত।

“যে বিষয়টিতে অনেকে একমত নন, তা হল মিয়ানমারের বিরুদ্ধে আরও শক্ত কোনো পদক্ষেপের ক্ষেত্রে। অনেকে মনে করতে পারেন এটা কালকে হওয়া উচিৎ, অনেকে মনে করতে পারেন, আরও কিছুদিন চেষ্টা করে তারপর হওয়া উচিৎ, অনেকে মনে করতে পারেন- না এটা কোনো সামাধান বয়ে আনবে না।  কিন্তু দোষটা যে মিয়ানমারের, সমাধান যে মিয়ানমারকে করতে হবে, সে বিষয়ে সকলেই একমত।”

নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের মধ্যে কুয়েতের প্রতিনিধি মনসুর আলোতাইবিও সাংবাদিকদের সামনে কথা বলেন।

তিনি বলেন, “নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দিয়ে দেবে বা মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করবে- এমন আশা করা ঠিক হবে না। আমার মনে হয় না, নিরাপত্তা পরিষদ শিগগিরই কোনো অবরোধ আরোপ করতে যাবে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কোনো বিরোধ তো নেই।”

তিনি বলেন, “সমস্যার সূচনা হয়েছে মিয়ানমারে। নিরাপত্তা পরিষদে আমরা হয়ত এখন নতুন একটি প্রস্তাব আনতে পারব। সেখানে আমরা হয়ত মিয়ানমারকে বলতে পারব, যাতে তারা তাদের দায়িত্ব, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সনদের প্রতি তাদের যে অঙ্গীকার, তা যেন তারা পালন করে।”

পরিস্থিতি এখনকার চেয়ে আর খারাপের দিকে যাবে না এবং রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির দ্রুত বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন কুয়েতের প্রতিনিধি। 

মিয়ানমার রাখাইনে যে বর্বরতা চালিয়েছে নিরাপত্তা পরিষদ তাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করবে কি না- সে প্রশ্নও রেখেছিলেন সাংবাদিকরা।

তবে একজন প্রতিনিধি উত্তরে বলেন, “সেখানে গণহত্যা চালানো হয়েছে কি না- সে রায় কেবল একটি আদালতই দিতে পারে।”

নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা কুতুপালং ক্যাম্প পরিদর্শনের সময় ব্যানার ও প্লাকার্ডে নিজেদের দাবির কথা তাদের সামনে তুলে ধরেন রোহিঙ্গারা। 

রোহিঙ্গা ভিশনের একটি ব্যানারে লেখা ছিল- ‘ধন্যবাদ বাংলাদেশ সরকার’। রোহিঙ্গা যুব উন্নয়ন সোসাইটির ব্যানারে লেখা ছিল- ‘নিজের ভাষায় পড়া ও শেখার অধিকার আমাদেরও আছে’।  

রাস্তার পাশে থাকা এক রোহিঙ্গা প্রৌঢ় সাংবাদিকদের বলেন, “জাতিসংঘের অফিস আমাদের দেশে দিতে হবে, হাতে পায়ে  ধরে হলেও এ অফিস দিতে হবে।  তাহলে আমাদের শান্তি হবে। আমাদের রোহিঙ্গা হিসেবে মেনে নিতে হবে। মা বোনদের ওপর যে জুলুম হয়েছে, মেরে ফেলেছে, কেটে ফেলেছে, তার  বিচার হতে হবে। বিচার হলেই আমাদের শান্তি হবে ।”

আরেক রোহিঙ্গা নারী তার দুর্দশার বিবরণ দিয়ে বলেন, “অনেক অত্যাচার-জুলুম থেকে রক্ষা পেতে আমরা এখানে এসেছি। আমাদের স্বামী, ছেলে-মেয়েদের মেরে ফেলেছে ওরা। এই দুঃসময়ে উপোস ছিলাম, এখানে আমাদের স্থান দেওয়া হয়েছে। আশ্রয় পেয়েছি, কাপড়-চোপড় পেয়েছি এখানে। এখন বন্যা আসছে, ত্রিপলে থাকছি। এখন আমরা ক্ষতিপূরণ চাই। আমরা যে অধিকার তা পেতে চাই। এজন্যে কোর্টের কাছে বিচার চাই।”

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ডস, বলিভিয়া, ইথিওপিয়া, কাজাখস্তান, পোলান্ড, সুইডেন, ইকুয়াটোরিয়াল গিনি ও আইভরি কোস্টের প্রতিনিধিরা ছাড়াও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম, চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি এ এইচ এম মনিরুজ্জামান, কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন, জেলার পুলিশ সুপার ইকবাল হোসেন, উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান ও উখিয়া থানার ওসি আবুল খায়ের এ সময় উপস্থিত ছিলেন।