সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে দলমত নির্বিশেষে সব ধর্মের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রোববার বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ একটি সৌহার্দ ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। ‘অহিংস পরম ধর্ম’ মহামতি গৌতম বুদ্ধের এই বাণী আজও সমাজের জন্য সমভাবে প্রযোজ্য।”
“আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি।”
ধর্মমন্ত্রী মতিউর রহমান, বৌদ্ধ ধর্মীয় নেতা শুদ্ধানন্দ মহাথের, সত্যপ্রিয় মহাথের, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট সুকোমল বড়ুয়া, বিভিন্ন দেশের কূটনীতিকসহ বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময় করেন।
