বিদ্যুৎ না থাকায় পঙ্গু হাসপাতালে ভোগান্তি
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) সকাল থেকে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জরুরি বিভাগে আসা রোগীরা।
রোববার সকাল ৮টা থেকে বেলা ৩টা ২২ মিনিট পর্যন্ত মাঝে দুই ঘন্টা ছাড়া বাকী সময় বিদ্যুৎ ছিল না বলে হাসপাতালের জরুরি অস্ত্রোপচার কক্ষে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স শফিকুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তিনি দুপুর ২টায় ডিউটিতে এসে দেখেন বিদ্যুৎ নেই। সকাল থেকে বিদ্যুৎ নেই বলে তার সহকর্মীরা তাকে জানিয়েছেন।
হাসপাতালে জেনারেটর থাকলেও সেটা পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে না বলে তিনি জানান।
“বাইরে বেশ কয়েকজন রোগী রয়েছে তাদের অপারেশন করা জরুরি, করা যাচ্ছে না।”
জাভেদ নামে এক ব্যক্তি তার ভাইকে নারায়ণগঞ্জ থেকে নিয়ে এসেছেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় তারও অস্ত্রপচার হচ্ছে না।
এব্যাপারে বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করা হলে সুপার ভাইজার ফারুক আহমেদ বলেন, ঝড়ের সময় কিছুটা সময় বিদ্যুৎ ছিল না সত্য। তবে হাসপাতাল থেকে কোনো অভিযোগ তারা পাননি।
এ বিষয়ে পঙ্গু হাসপাতালের পরিচালক গনি মোল্লাকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
