বৈরী আবহাওয়ায় বিঘ্নিত নৌ চলাচল
কালবৈশাখীসহ ভারি বর্ষণের কারণে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ জনপদের বিভিন্ন রুটের লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা জানান,
বিরূপ আবহাওয়ার কারণে রোববার সকালে দুই বার এবং বিকালে দুই বার নৌযান চলাচল বন্ধ ছিল।
সকাল ৮টা ২৮ থেকে ৯টা ৪২ মিনিট এবং বেলা ১১টা ৫০ থেকে বেলা ১টা, বিকাল ৪টা থেকে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ রাখা হয়।
সকালে রাজধানীতে ঘণ্টায় ৭৩ কিলোমিটার গতির বাতাস নিয়ে কালবৈশাখী আঘাত হানার পর ঘণ্টা তিনেক মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়; বিকালেও হয় বর্ষণ। ভারি বর্ষণের খবর এসেছে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও।
ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপর , ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছিল আগেই।
দীনেশ কুমার সাহা বলেন, “এমনিতে ২ নম্বর সংকেতে ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের নৌযান চলাচলে কোনো বাধা নেই। কিন্তু ঝড়-ঝঞ্ঝার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকাল থেকে দুই দফা সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
ঢাকা সদরঘাট থেকে এমনিতে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ৪২টি রুটে মোটামুটি ৬৫ থেকে ৭০টি যাত্রীবাহী লঞ্চ ছাড়ে। তবে এ সপ্তাহে বেশ কয়েক দিন সরকারি ছুটি থাকায় রোববার সকালে সদরঘাটে ভিড় ছিল তুলনামূলক বেশি।
বিআইডব্লিউটিএ এর পরিবহন পরিদর্শক হুমায়ন কবির বলেন, বৈরী আবহাওয়ায় নৌযান সাময়িক চলাচল বন্ধ থাকলেও রোববার বিকাল পর্যন্ত সদরঘাট থেকে ৫০টি লঞ্চ ছেড়ে যায়। রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ৫৮টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বজলুর রশিদ জানান, রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা।
সারা দেশে ঝড়-বৃষ্টির এই প্রবণতা আরও কয়েক দিন চলতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।
