২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামের পথে রাজীবের মরদেহ

ময়নাতদন্ত ও প্রথম দফায় জানাজা শেষে সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে তার পরিবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2018, 05:12 PM

Updated : 08 Apr 2022, 06:14 PM

রাজীবের মেজ খালা খাদিজা বেগম লিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজীবের পোস্ট মর্টেম হওয়ার পর দুপুর পৌনে ২টার দিকে হাই কোর্ট মাজার মসজিদ চত্বরে তার জানাজা হয়।

পরে রাজীবের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের বাঁশখালীর উদ্দেশ্যে রওনা হন।

গত ৩ এপ্রিল কারওয়ান বাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের রেষারেষিতে বিআরটিসির যাত্রী রাজীবের ডান কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথার সামনে-পেছনের হাড় ভেঙে যাওয়া ছাড়াও মস্তিষ্কের সামনের দিকে আঘাত লাগে।

প্রথমে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে পরে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড।  সেখানে তার অবস্থার অবনতি হলে রাজীবকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌনে ১টার দিকে মারা যান রাজীব।