আবহাওয়া আইন করতে সংসদে বিল
সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে আবহাওয়া অধিদপ্তরকে আইনি কাঠামো দিতে ‘আবহাওয়া বিল- ২০১৮’ সংসদে উত্থাপন করা হয়েছে।
সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক রোববার বিলটি সংসদে উত্থাপন করেন।
পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বর্তমান আবহাওয়া অধিদপ্তরকে একটি আইনি কাঠামো দিতে এ আইনের প্রস্তাব করা হয়েছে সংসদে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আনিসুল হক বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাধীন আবহাওয়া ও জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ১৯৭২ সালে বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্যপদ পায়।
“নানবিধ সীমাবদ্ধতার মধ্যে তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া বিষয়ক সঠিক তথ্য সরবরাহের কাজ নিরলসভাবে সম্পন্ন করলেও এখন পর্যন্ত আবহাওয়া বিষয়ক কোনো আইন দেশে প্রণীত হয়নি।”
এ কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০১৫ সালের ২৮ মে আবহাওয়া আইন প্রণয়নের সুপারিশ করে বলে সংসদকে জানান আইনমন্ত্রী।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জলবায়ু সংক্রান্ত কোনো প্রকার সতর্কবার্তা দিতে পারবে না।
এ আইনের আওতায় ‘জাতীয় আবহাওয়া গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠারও সুযোগ রাখা হয়েছে বিলে।
