২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণে বিধি নিষেধ: প্রতিবাদ সমাবেশের ডাক উদীচীর

বর্ষবরণ উৎসবের দিনে মঙ্গল শোভাযাত্রায় মুখ ঢাকা মুখোশ ব্যবহারে নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশের ডাক দিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 08:42 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

রোববার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দেশে ও দেশের বাইরে উদীচীর সাড়ে তিন শতাধিক সংসদের উদ্যোগে এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ হবে।

কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি হবে ওইদিন বিকাল ৪টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে।

শনিবার সন্ধ্যায় উদীচী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, ‘প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক ভাবধারার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো’ দেশব্যাপী উদীচীর এ কর্মসূচিতে যোগ দেবে।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বর্ষবরণ উৎসবের সব উন্মুক্ত অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করার নির্দেশনা জারি করেছে সরকার। সেই সঙ্গে মঙ্গল শোভযাত্রায় মুখোশ ব্যবহারে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে উদীচীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাংস্কৃতিক কর্মীসহ সমাজের প্রায় সর্বস্তরের মানুষের প্রবল আপত্তির মুখেও গত কয়েক বছর ধরে বর্ষবরণ উৎসবকে নির্দিষ্ট সময়ের ঘেরাটোপে বেঁধে দেয়ার একতরফা পদক্ষেপ নিয়ে আসছে সরকার।”

সম্প্রতি নববর্ষে সরকারি আয়োজন নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও এ বিষয়ে আপত্তি তোলেন।

উদীচী বলেছে, এ ধরনের নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ধর্মীয় মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী প্রশ্রয় পাবে।

“বৈশাখ উদযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা মঙ্গল শোভাযাত্রায় মুখোশ ব্যবহার নিষিদ্ধ করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা সার্বিকভাবে উৎসবের বৈচিত্র্যকে খর্ব করবে।”

অনুষ্ঠানের সময় বেঁধে দেওয়ার পেছনে আইন-শৃঙ্খলা বাহিনী যেসব যুক্তি দেখিয়েছে, তা ‘অবাস্তব’ বলে মনে করছে উদীচী।

তারা বলেছে, “হামলার আশঙ্কায় বাঙালির প্রাণের উৎসবের ব্যপ্তি কমিয়ে আনার চেয়ে সমাজের ক্ষুদ্রতম, ধর্মান্ধ মৌলবাদী যে গোষ্ঠী অতীতে এসব হামলার পেছনে জড়িত ছিল তাদের সমূলে উৎপাটন করা অনেক বেশি জরুরি।”

এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটও নববর্ষে উৎসব আয়োজনে সময়সীমা বেঁধে দেওয়ার প্রতিবাদ জানিয়েছিল। এর অংশ হিসেবে গত দুই বছর বাংলা নববর্ষে উন্মুক্ত আয়োজন থেকে বিরত ছিল জোট। 

এবছর প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়ে রাজধানীর রবীন্দ্র সরোবরে উন্মুক্ত মঞ্চে নববর্ষের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে তারা।

পুরনো খবর:

বৈশাখের অনুষ্ঠান এবারও বিকাল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ