২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যা বোঝেননি জয়শ্রী জামান, তা সবাইকে বোঝার মিনতি

মা-বাবার দাম্পত্য জটিলতায় নিজেদের মনোযন্ত্রণার অবসান ঘটাতে আত্মহননের পথ বেছে নিয়েছিল জয়শ্রী জামানের দুই সন্তান; তার এখন উপলব্ধি, সচেতন হলে দুটি সন্তানই এখন থাকত তার কোলে; নিজে বুঝছেন, অন্যরাও আগেই তা বুঝবেন, সেই প্রত্যাশা করছেন তিনি।

কাজী নাফিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 07:27 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

“আমার সন্তানরা প্রায়ই বলত, ‘মরে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়’। তারপরও আমি কিছু বুঝিনি। আমি বুঝিনি একজন মানসিক চিকিৎসক দেখালেই তারা হয়ত আত্মহত্যা করত না….”

রোববার এক অনুষ্ঠানে একথা বলেই কান্নায় ভেঙে পড়েন জয়শ্রী জামান।

নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “এজন্য বাবা-মাকে সচেতন হতে হবে। যখন প্রচণ্ড দুঃখ পায় মানুষ, তখনই সে আত্মহত্যা করে। কেউ যদি বলে ‘আমি আত্মহত্যা করব’ তখন এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে তাতে সহায়তা দিতে হবে।”

পেশায় সাংবাদিক জয়শ্রী জামান অকালে নিজের দুই সন্তান হারিয়ে এখন অন্য সন্তানদের বাঁচাতে নেমেছেন। গড়ে তুলেছেন ‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।

ওই সংগঠনের উদ্যোগে রোববার ঢাকার ধানমন্ডিতে ‘হতাশা ও আত্মহত্যা প্রতিরোধে কাউন্সিলিং’ শীর্ষক এক কর্মশালা আয়োজন করে সেখানে নিজের উপলব্ধির কথা বলেন তিনি।

বাবা-মায়ের বিচ্ছেদ, নিজেদের চোখে দেখা মায়ের কষ্ট- এসব দেখে ২০১৪ সালে উত্তরার ভাড়া বাসায় একসঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন জয়শ্রী জামানের কিশোর বয়সী দুই ছেলে-মেয়ে। জয়শ্রী তখন বলেছিলেন, তাকে কষ্ট থেকে ‘মুক্তি’ দিতেই তার ‘নয়নের দুই মনি’ এ পথ বেছে নেয়।

Image
জয়শ্রী জামান (ফাইল ছবি)

জয়শ্রী জামান (ফাইল ছবি)

বাসসের জ্যেষ্ঠ সহ সম্পাদক জয়শ্রী জামান সন্তানের শোক কাটিয়ে ২০১৫ সালের ২৮ মে গড়ে তোলেন ‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন’,  যার লক্ষ্য কিশোর-তরুণদের আত্মহত্যার প্রবণতা থেকে তুলে আনা।

কর্মশালায় তিনি বলেন, “আত্মহত্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিষণ্নতা। দিনে দিনে এটি বাড়ছে। এটি রোধ করার জন্যই কাজ করছে আমাদের সংগঠনটি।”

এই প্রবণতা রোধে সমন্বিত প্রচেষ্টার উপর জোর দেন তিনি।

বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষের আত্মহত্যার পরিসংখ্যান তুলে ধরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ কর্মশালায় বলেন, “মনের চাপ থেকেই মানুষ আত্মহত্যা করে।

“শরীরে চাপ পড়লে দেখা যায়, কিন্তু মনের ওপর চাপ সব সময় দৃশ্যমান হয় না। আর এজন্যই আমরা মনের সুস্থতায় সচেতন না।”

মানসিক সুস্থতা রক্ষায় দৃষ্টিভঙ্গী ও ব্যক্তিত্বের পরিবর্তন, ব্যর্থতাকে মেনে নেওয়ার ক্ষমতা এবং জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন এই মনোরোগ চিকিৎসক।

বংশগতভাবে মানুষের মধ্যে মানসিক সমস্যা বা আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যায় বলে কর্মশালায় জানান উত্তরা উইমেন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. চিরঞ্জীব বিশ্বাস।

তিনি বলেন, “মানসিকভাবে অসুস্থতায় শতকরা ৭০ শতাংশ মানুষ আত্মহত্যা করে থাকেন। এজন্য তার মানসিক চিকিৎসা করানোটা জরুরী। এক্ষেত্রে পরিবারের সদস্যদের সব ধরনের সাপোর্ট দিতে হবে। সেই ব্যক্তিটির পাশে তারা সব সময় আছেন, এটি তাকে বোঝাতে হবে।”

মনোরোগ নিয়ে নির্দেশনা দিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর রাখার সুপারিশ করেন তিনি।

পরিবারের সদস্যদের সহায়তা, কাউন্সেলিং, সাইকো থেরাপি ও কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে হতাশা ও আত্মহত্যা প্রতিরোধের পরামর্শ দেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের চিকিৎসক ও ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের (বিটিএফ) সাধারণ সম্পাদক ডা. ফারশিদ ভূঁইয়া।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তরুণ প্রজন্মকে ‘জীবনমুখী শিক্ষা’ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “তরুণদের জীবনমুখী শিক্ষা গ্রহণ করতে হবে, রেজাল্টমুখী শিক্ষা নয়। তাদের জীবনকে উপভোগ করার জন্য প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।”

তিনি বলেন, “প্রতি বছর পাবলিক পরীক্ষার রেজাল্ট বের হলে দেখা যায়, কেউ কেউ জিপিএ ৫ না পাওয়ায় আত্মহত্যা করেছে। একটা ধ্বংসযজ্ঞ চলছে আমাদের শিক্ষাব্যস্থায়। এ প্রবণতা থেকে বেরিয়ে এসে তাদের সুস্থভাবে জীবনযাপনের শিক্ষা দিতে হবে।”

তরুণ প্রজন্মের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এই শিক্ষক।

তিনি বলেন, “সমাজ অসুস্থ হয়ে গেলে তার প্রভাব পড়ে ব্যক্তির ওপর। সমস্যাটা আসলে পরিবার, প্রতিষ্ঠান, সমাজের। এ সমস্যার সাথে খাপ খাইয়ে নিতে পারেনি বলেই সে আত্মহত্যা করছে।”

সামাজিক সচেতনতার উপর জোর দিয়ে আরেফিন সিদ্দিক বলেন, “আমাদের সমাজে মানসিকভাবে অসুস্থ মানুষদের ‘পাগল’ বলে ধরে নেওয়ায় অনেকেই মানসিক সমস্যায় ভুগলেও তা জানতে দিতে চায় না।”

দিনব্যাপী এ কর্মশালায় আরও বক্তব্য দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান, বীকন পয়েন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হানিফ, এফবিসিসিআই এর উপসচিব ও ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের (বিটিএফ) যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ উচ্ছ্বাস।

পুরনো খবর:

‘আমাকে মুক্তি দিতেই ওরা চলে গেল’