‘স্বাধীনতার ৪৭ বছরেও কেন শিশু অধিকার নিয়ে বলতে হবে’
দেশে শিশু নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ এবং শিশু অধিকার আইনের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠে এসেছে এক সেমিনারে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশে শিশুর সংস্কৃতির সঙ্কট ও উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে শিশুর অধিকার প্রতিষ্ঠায় নাগরিকদের ব্যর্থতার চিত্র তুলে ধরার পাশাপাশি নানা পরামর্শও দিয়েছেন বক্তারা।
কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত সেমিনারে যোগ দিয়ে অধিকারকর্মীরা জানান বিভিন্ন দাবি।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক সেলু বাসিত।
ইকবাল সোবহান চৌধুরী সেমিনারে নানা আলোচনার প্রেক্ষিতে বলেন, “স্বাধীনতার ৪৭ বছর পরেও কেন শিশু অধিকার নিয়ে কথা বলতে হবে।”
দেশব্যাপী শিশু নিপীড়ন, ধর্ষণ ও খুনের ঘটনায় অধিকারকর্মীদের মতো তিনিও আতঙ্কিত জানিয়ে বলেন, “বারবার রাষ্ট্রীয় নীতি পরিবর্তনের কারণে সমাজে মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে। আজকের প্রেক্ষাপটে শিশু অধিকার কতটুকু সুনিশ্চিত, তা নিয়ে আমাদের আত্মজিজ্ঞাসার প্রয়োজন রয়েছে।”
২০১৩ সালে প্রণীত শিশু অধিকার আইনের উদাহরণ টেনে বলেন, “এই আইন বাস্তবায়ন হলেই শুধু হবে না, এই আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নও হতে হবে। শিশুদের অধিকার নিয়ে যখন সঙ্কটের কথা বলছি, তখন এই আইনের সুষ্ঠু বাস্তবায়নের দায়িত্ব গোটা সমাজের। এটা শুধু সরকারের একার কাজ নয়।”
উন্নয়নশীল দেশের পথে অগ্রযাত্রায় শিশু অধিকারের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও জানান তিনি।
মূল প্রবন্ধে সেলু বাসিত তুলে আনেন, শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও লিঙ্গ বৈষম্যের চিত্র। শিশুর মানসিক বিকাশের পথে প্রযুক্তির সহজলভ্যতার কুফল নিয়ে তিনি পরিসংখ্যান ও সামাজিক-সাংস্কৃতিক নানা সঙ্কটের কথাও তিনি তুলে ধরেন।
সেলু বাসিত বলেন, “সামাজিক বিচ্ছিন্নতায় হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছে শিশুরা। প্রকৃত অর্থেই তারা এক নিষ্ক্রিয় মুখস্থ যন্ত্রে পরিণত হচ্ছে। জানার আগ্রহের চেয়ে পরীক্ষায় নম্বর আসক্তিতে পেয়ে বসেছ তাদের।
“মৌলিক শিক্ষা ব্যাহত হচ্ছে নানাভাবে। শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় রয়েছে নানা বাধা। শিশুদের পরজীবী হিসেবে গড়ে তোলার প্রবণতায় তাদের মধ্যে দেখা দিচ্ছে নেতিবাচক প্রবণতা। কেউ ঝুঁকে পড়ছে মাদকে।”
সেলু বাসিত সঙ্কট মোকাবেলায় শিশুর সাংস্কৃতিক বিকাশের পথে সর্বাধিক গুরুত্বারোপ করেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রণয়ণেরও দাবি জানান তিনি।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য কবি কাজী রোজী, ছড়াকার আখতার হোসেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য লেনিন চৌধুরী।
