হলি আর্টিজানে হামলার ‘অস্ত্র জোগানদাতা’ সাগরের স্বীকারোক্তি
গুলশানের হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলায় ‘অস্ত্র জোগানদাতা’ চিহ্নিত হাদিসুর রহমান সাগর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর খাস কামরায় সাগর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
দুই দফায় ১২ দিন রিমান্ড শেষে জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মামলার তদন্ত কমকর্তা পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে মোট ৭ জন এ মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন।
গত ২১ মার্চ বগুড়া থেকে নব্য জেএমবির নেতা সাগরকে (৩৫) গ্রেপ্তার করা হয়। সাগরের বাড়ি জয়পুরহাটে বলে পুলিশ জানিয়েছে।
দুই বছর আগে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যার এই মামলায় অভিযোগপত্র এখনও জমা পড়েনি।
এজন্য ‘অস্ত্র জোগানদাতা’ সাগরকে গ্রেপ্তার করতে না পারাকে কারণ দেখিয়েছিলেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
সাগরকে নিয়ে এই মামলায় এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলাকারী পাঁচজনই কমান্ডো অভিযানে নিহত হয়েছিলেন।
হামলায় জড়িত যাদের বিভিন্ন অভিযানে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান, জাহাঙ্গীর আলম ওরফে ‘রাজীব গান্ধী’, রাশেদুল ইসলাম রাশেদ ওরফে র্যাশ, রাকিবুল হাসান রিগান, সোহেল মাহফুজ।
সন্দেহভাজন আসামিদের মধ্যে তামিম চৌধুরী, বাশারুজ্জামান চকলেট, ছোট মিজানসহ কয়েকজন মারা গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে।
নর্থসাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমকেও এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখনও কারাগারে রয়েছেন। তবে তার সম্পৃক্ততার বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলেনি পুলিশ।
