২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ, রকেটের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক

মুদ্রা পাচারসহ আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ পেয়ে মোবাইলে আর্থিক সেবাদাতা বিকাশ ও রকেটকে নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 06:33 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

অভিযোগের বিষয়ে বক্তব্য শুনতে বৃহস্পতিবার নোটিস পাঠিয়ে দুই কোম্পানির সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে দুদকে তলব করা হয়েছে।

এই দুই কর্মকর্তা হলেন- বিকাশ লিমিটেডের রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এসএভিপি অ্যান্ড হেড অব এফআইডি সাইফুল আলম মো. কবির।

দুদকের উপ-পরিচালক মো. মাহমুদ হাসানের সই করা নোটিসে হুমায়ুনকে ১২ এপ্রিল এবং সাইফুলকে ১৫ এপ্রিল সকাল ১০টায় সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

নোটিসে এই দুই কোম্পানির বিরুদ্ধে ‘নীতিমালা লঙ্ঘন করে ঘুষ লেনদেন, মুদ্রাপাচার, ইয়াবাসহ মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ লেনদেনের’ অভিযোগের কথা বলা হয়েছে।

একই ধরনের অভিযোগে এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসকে সংশ্লিষ্ট নথিপত্র দুদকে পাঠাতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট নথিপত্রগুলো আগামী ১২ এপ্রিলের মধ্যে দুদকে পাঠাতে ওই তিন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালকদের বলা হয়েছে।

কুরিয়ার সার্ভিসের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম; আর্থিক লেনদেনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র; টাকা ট্রান্সফারের ক্ষেত্রে পোস্টাল নীতিমালা; কোনো ব্যক্তি সর্বোচ্চ কি পরিমাণ অর্থ প্রেরণ করলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে জানানোর নিয়ম রয়েছে সেই রেকর্ড; কোনো ব্যক্তি অর্থ লেনদেন করলে তার জাতীয় পরিচয়পত্র নম্বর বা অন্য কোনো সনাক্তকরণপত্রের অনুলিপি দুদককে দিতে হবে।

এছাড়া অর্থ পাঠানের ক্ষেত্রে প্রতি হাজারে (টাকা) কমিশনের পরিমাণ; কমিশন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কি না; কোনো ব্যক্তি কর্তৃক আর্থিক লেনদেনের সর্বোচ্চ সীমা জানানো; গত এক বছরে সাসপিসিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট এবং সাসপিসিয়াস ট্রানজেকশন রিপোর্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে কি না, দেওয়া হলে তার বিবরণী; কোনো আইন প্রয়োগকারী সংস্থা যেমন- সিআইডি, পিবিআই, র‌্যাব ইত্যাদি সংস্থাগুলো সন্দেহজনক লেনদেন সংক্রান্ত কোনো সহায়তা বা তথ্য চেয়েছি কি না এবং চেয়ে থাকলে তার বিবরণও দুদকে পাঠাতে ওইসব নোটিসে বলা হয়।