২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ মহড়া গাল্ফ শিল্ড-ওয়ানের সমাপনীতে শেখ হাসিনাকে আমন্ত্রণ

সৌদি আরবে চলমান যৌথ সামরিক মহড়া গাল্ফ শিল্ড-ওয়ানের সমাপনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জনিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 01:34 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

বাংলাদেশসহ ২৩টি দেশ এক মাসব্যাপী এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরী বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সৌদি বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

সৌদি আরব ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সন্তোষ প্রকাশ করেন বলে জানান ইহসানুল করিম।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও মুখ্য সচিব নজিবুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন। 

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে গত ১৮ মার্চ শুরু হওয়া গাল্ফ শিল্ড-ওয়ান শেষ হবে আগামী ১৬ এপ্রিল দাম্মামে।

অংশগ্রহণকারী দেশের সংখ্যা এবং ব্যবহৃত সমরাস্ত্রের বিবেচনায় এ মহড়াকে উপসাগরীয় অঞ্চলে হওয়া অন্যতম বৃহৎ সামরিক মহড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে।