২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পিছিয়েছে এএসপি মিজান হত্যার প্রতিবেদন

সাভার হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মিজানুর রহমান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে আবারো সময় পেয়েছে গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 07:02 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পল্লবী জোনের পরিদর্শক সিরাজুল ইসলাম খান তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হলে মহানগর হাকিম জিয়ারুল ইসলাম আগামী ৮ মে নতুন তারিখ রাখেন।

এ নিয়ে নবম বারের মতো প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে গেল বলে সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কার্যালয়ের কন্সটেবল মো.সাজাহান  এবং সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলতাফ হোসেন জানিয়েছেন।

এর আগের ধার্য তারিখ ৫ মার্চ প্রতিবেদন না দেওয়ার কারণ জানতে হলে পরিদর্শক সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, মামলার খুঁটিনাটি বিষয়, আসামিদের নাম-ঠিকানা যাচাই শেষে আগামী মাসের প্রথম সপ্তাহে মধ্যেই প্রতিবেদন দেবেন।

২০১৭ সালের ২১ জুন মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে ঢাকা বোর্ড ক্লাবের সামনে থেকে এএসপি মিজানুরের মরদেহ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ। তার গলায় কাপড় পেঁচানো ছিল।

ওই দিন রাতেই তার ভাই মো. মাসুম তালুকদার রূপনগর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশের উচ্চপর্যায়ের নির্দেশে পরে মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।

এ মামলায় গ্রেপ্তার শাহ আলম ওরফে বুড্ডা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আর দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। একজন পলাতক।

মামলার এজাহারে বলা হয়, ঘটনা দিন ভোরে সেহেরি খাওয়ার পর সাধারণ পোশাকে উত্তরার বাসা থেকে কর্মস্থল সাভারের উদ্দেশে রওনা হয়েছিলেন এএসপি মিজানুর। যে জায়গায় তার লাশ পাওয়া গেছে, বাসা থেকে তা গাড়িতে ১৫ থেকে ২০ মিনিটের পথ।

এরপর শাহ আলমকে গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, এএসপি মিজান হত্যার পেছনে ছিল ছিনতাইয়ের ঘটনা।