বুড়িগঙ্গায় নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু
ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে জাহাজের ঢেউয়ে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় খেয়া নৌকাটি কয়েকজন যাত্রী নিয়ে সদরঘাট থেকে বুড়িগঙ্গার ওপারে যাওয়ার সময় ডুবে যায় বলে সদরঘাট নৌ পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালকুঠি ঘাট থেকে আটজন যাত্রী নিয়ে নৌকাটি ওপারে যাচ্ছিল। বিআইডব্লিউটিসির জাহাজ এমভি বাঙালী ওই সময় খুলনার উদ্দেশে রওয়ানা দেয়।
“জাহাজটি পেছন দিকে যাওয়ার সময় অনেক পানির স্রোতের সৃষ্টি হয় এবং বড় বড় ঢেউয়ের মধ্যে পড়ে এর পেছন দিকে থাকা নৌকাটি ডুবে যায়।”
নৌকায় থাকায় ছয়জন যাত্রী সাঁতরে তীরে ভিড়লেও দুই কিশোরী সানজিদা আক্তার (১৪) ও স্বপ্না (১৫) তলিয়ে যান। তাদের সন্ধানে নামানো হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১০টার দিকে দুই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে দেওয়া হয়।”
সানজিদার বাসা কেরানীগঞ্জে সদরঘাটে উল্টো দিকে; স্বপ্নার পরিবার সানজিদাদের বাসায় ভাড়া থাকে।
সন্ধ্যার দিকে দুই কিশোরী নৌকায় করে সদরঘাটে এসেছিল, এরপর আবার নৌকায় ফেরার সময় দুর্ঘটনায় পড়েন।
পুলিশ পরিদর্শক রাজ্জাক বলেন, “তারা দুজন স্কুলে পড়ে। বই কিনতে এপারে এসেছিল বলে সানজিদার বাবা শাহিন মিয়া জানিয়েছে।”
পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
