২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে কটাক্ষ: ঢাবি শিক্ষককে অব্যাহতি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও ইতিহাস বিকৃতির ঘটানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 09:38 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দৈনিক নয়া দিগন্তে স্বাধীনতা দিবস সংখ্যায় লেখা ‘জ্যোতির্ময় জিয়া’ শীর্ষক এক নিবন্ধ ধরে অধ্যাপক মোর্শেদ খানের বহিষ্কার দাবি করেছিল ছাত্রলীগ; নিন্দা জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগ এবং তদপরিপ্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।”

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী ব্যবস্থা (অধ্যাপক মোর্শেদের বিষয়ে) গ্রহণ করা হবে।”

Image
শাস্তি চেয়ে ছাত্রলীগের বিক্ষোভে পোড়ানো হয় অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের কুশপুতুল (ফাইল ছবি)

শাস্তি চেয়ে ছাত্রলীগের বিক্ষোভে পোড়ানো হয় অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের কুশপুতুল (ফাইল ছবি)

এদিকে অধ্যাপক মোর্শেদ সাংবাদিকদের বলেন, “একটি ভুল বোঝাবুঝি থেকে এমন হয়ে গেছে। আমি ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছি এবং বক্তব্য প্রত্যাহার করে নিয়েছি। তারপরও যেহেতু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এ বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই।”

এই অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের জোট সাদা দলের যুগ্ম-আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।

নিবন্ধে তিনি লিখেছিলেন, “..... আওয়ামী নেতাদের বেশিরভাগই তাদের পরিবার-পরিজনসহ ভারত চলে গেলেন, এ দেশবাসীকে মৃত্যুর ফাঁদে ফেলে দিয়ে নেতৃত্বহীন অবস্থায়। যাকে ঘিরে এই দেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখতো সেই শেখ মুজিবুর রহমানও।

“স্বাধীনতার ডাক এসেছিল মুজিব গ্রেফতার হওয়ার পর, তার আগে নয়। আমার জানামতে তিনি কোন সময় স্বাধীনতার ঘোষণা দেননি।”

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে তার দল বিএনপি দাবি করে; যদিও বঙ্গবন্ধুর ঘোষণার বিষয়টি আদালতেও মীমাংসিত।  

পুরনো খবর:

বঙ্গবন্ধুকে কটাক্ষের অভিযোগে ঢাবি শিক্ষকের শাস্তি দাবি