মাশরাফি হতে চাইত অনিরুদ্ধ
“হ্যালো আমি মাশরাফি বলছি, আপনি কি বিপাশা বলছেন?”- মাকে ফোন করে এভাবেই কথা বলত অনিরুদ্ধ জামান; এক বিমান দুর্ঘটনায় মা-বাবার সঙ্গে যে শিশুটিও এখন না ফেরার দেশে।
সোমবার এক নাগরিক শোকসভায় ভাগ্নের ক্রিকেট এবং ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে ভালবাসার কথা বলতে গিয়ে নিজের সঙ্গে সবাইকে আবেগাপ্লুত করেন শাহরিয়ার তাবির মিথুন।
মিথুনের বোন সানজিদা হক বিপাশা, স্বামী রফিক জামান রিমু, সন্তান অনিরুদ্ধ জামানের অকাল মৃত্যুতে এই শোক সভার আয়োজন হয়েছিল।
গত ১২ মার্চ নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় নিভে যায় এই পরিবারের তিনটি প্রাণ। এদের সঙ্গে নিভে যায় অর্ধশত জীবন প্রদীপ।
বড় বোনের স্মৃতিচারণ করে মিথুন বলেন, “আপার প্রথম সন্তান জন্মের দু’দিনের মধ্যে মারা যায়। ২০১০ সালে অনিরুদ্ধের জন্ম। এই অনিরুদ্ধের জন্যই বোধহয় আপার জীবন ভরে যায়। অনিরুদ্ধ ক্রিকেট খুব পছন্দ করত। সে তার মাকে ফোন করে বলত- ‘আমি মাশরাফি বিন মর্তুজা বলছি। আপনি কি বিপাশা বলছেন?”
অনিরুদ্ধের শ্রেণিশিক্ষক অরণি বিদ্যালয়ের ইয়াসমিন ভূইয়া বলেন, “অনিরুদ্ধ সবসময় ক্রিকেটের গল্প করত।
“সে সব বিষয়ে পারদর্শী ছিল। গণিত, বাংলাসহ সব কিছুতেই সবার আগে উত্তর দিত। এত অল্প বয়সে সুন্দর করে কথা বলত!”
অনিরুদ্ধের স্কুলের বন্ধু মুগ্ধ বলে, “আমরা অনেক খেলতাম। অনিরুদ্ধ অংকতে সবার আগে উত্তর দিত। ওর বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি খুব কষ্ট পেয়েছি, সারারাত ঘুমাতে পারিনি।”
বাবা রফিক জামান ও মা সানজিদা হকের সঙ্গে অনিরুদ্ধ; তারা আর ফিরবে না
সানজিদার কর্মস্থল সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে শাহবাগের গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই শোকসভার শুরুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিহত তিনজনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে ৫২টি প্রদীপ জ্বালানো হয়। এরপর নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে ‘বিপাশা পদক’ প্রবর্তনের ঘোষণাও দেওয়া হয়।
মিথুন বলেন, “বাবা-মায়ের ছয় বছরের দাম্পত্য জীবনের পরে আপার জন্ম। তার নাম রাখো হয়েছিল সাধনা। আর অনেক নাম ছিল তার। সে ছোটবেলা থেকে অনেক আদরের ছিল, স্কুলের শিক্ষকদের কাছ থেকে অনেক স্নেহ পেয়েছে।”
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “বিপাশা তার পরিবারকে খুব ভালোবাসত। সেই কারণেই বোধহয় সে তার পরিবারসহ একেবারে চলে গেছে।”
মিথুন বলেন, বিপাশা বাসার সব দায়িত্ব সামলাত বলেই রফিক জামান তার গড়া সংগঠন 'প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদ' নিয়ে পুরোটুকু সময় কাটাতে পারতেন।
রফিক জামানের বড় ভাই রিয়াদুজ্জামান রাজুও তাতে সমর্থন জানিয়ে বলেন, “স্কুল থেকে ১২ মার্চের আগ পর্যন্ত আমার ভাইয়ের কর্মকাণ্ড ছিল বিশাল। শেষ সময়ের কাজের জন্য বড় অবদান বিপাশার।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর সাংবাদিকতা শুরু করেছিলেন রফিক জামান। পরে তা ছেড়ে পুরোপুরি মনোযোগী হন প্রতিবন্ধীদের কল্যাণের জন্য।
রিয়াদুজ্জামান বলেন, “সাংবাদিকতা করতে করতে প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু করার আগ্রহ তৈরি হয় তার। আমরা আওয়ামী ঘরানার রাজনীতির পরিবার। সবসময় রিমু দলের আদর্শ ধারণ করত। হয়ত দলের জন্য কাজ করেনি, কিন্তু দলকে সে ভেতরে ধারণ করত। সে সবসময় বলত- ‘ভাইয়া, ক্ষমতার বলয়ের বাইরে থেকে কাজ করতে হবে’।”
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন (ফাইল ছবি)
শোকসভায় বক্তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই দুর্ঘটনার জন্য বিভিন্ন পর্যায়ের অব্যস্থাপনাকেও দায়ী করেন।
মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, “এগুলো কি দুর্ঘটনা, নাকি অব্যবস্থাপনা? আমার মনে হয় এটা অপরাধ। আইনজীবীরা এগুলো নিয়ে কাজ করতে পারেন।”
ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, “এই এয়ারলাইন্সে আমিও দুর্ঘটনার কয়দিন আগে গিয়েছিলাম নেপালে। নামার আগে বলা হলো ল্যান্ডিং করতে দেরি হবে। সেই ১৫ মিনিট শ্বাসরুদ্ধকর অবস্থা।
“এত টুরিস্ট যায়, অথচ তাদের (নেপাল) বিমানবন্দরের জায়গা অপ্রতুল। আন্তর্জাতিক পর্যায় থেকে ক্ষতিপূরণ আদায় করার দাবি সরকারের আগেই করা উচিৎ ছিল।”
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, “এটা দুর্ঘটনা বলছেন কেন? এটা অব্যবস্থাপনা। জাহাজ ভাঙতে গিয়ে লোক মারা যাচ্ছে, বাসে সমানে লোক মারা যাচ্ছে, প্রতিকার নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। সিভিল এভিয়েশন তাদের দায়িত্ব পালন করছে কি না, সেটা দেখা দরকার।”
শোকসভায় সভাপতিত্ব করেন সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান। বক্তব্য রাখেন কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরী।
