৭ পোশাক শ্রমিক নেতা কারাগারে
বিজিএমইএ ভবন ভাংচুর মামলায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিজিএমইএ কর্তৃপক্ষের করা মামলাটিতে ওই সাতজন এবং শ্রমিক নেতা মন্টু ঘোষ রোববার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
মহানগর হাকিম মো. মাজহারুল হক সিপিবি নেতা মন্টু ঘোষকে জামিন দিলেও বাকি সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তারা হলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন, কেন্দ্রীয় নেতা জালাল হাওলাদার, সাদেকুর রহমান শামীম, মো. লুৎফর রহমান আকাশ, মো. শাহজাহান ও খায়রুল কবির মিন্টু।
জলি তালুকদারের জামিন না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তাদের আইনজীবী মো. মহিবুর রহমান মিহির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক তার স্বেচ্ছাধীন ক্ষমতা আইনসঙ্গতভাবে প্রয়োগ করেননি।”
শ্রমিক নেতাদের জামিন শুনানিতে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা কাজী নজিবুল্যাহ হিরুও অংশ নেন।
জামিন আবেদনের বিরোধিতা করে শুনানি করেন সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা এসআই মাহমুদুর রহমান।
জামিনের শুনানিতে তাদের আইনজীবীরা বলেন, ঘটনার দিন অ্যাডভোকেট মন্টু ঘোষ নরসিংদীর আদালতে মামলা পরিচালনায় গিয়েছিলেন, জলি তালুকদার ছিলেন গ্রামে তার আত্মীয়ের শেষকৃত্যে, জালাল ঘটনার সময় ছিলেন একটি ব্যাংকে।
আইনজীবীরা বলেন, গত ৩১ জানুয়ারি একটি কারখানার শ্রমিকদের নিয়ে ত্রিপক্ষীয় একটি বৈঠকে যোগ দিতে বিজিএমইএ ভবনে গিয়েছিলেন এই শ্রমিক নেতারা। সেখানে গিয়ে তারা উল্টো হামলার শিকার হয়েছিলেন।
ঢাকার রামপুরায় আশিয়ানা নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে বিজিএমইএ ভবনে সালিশ বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা। কল-কারখানা অধিদপ্তর, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ওই বৈঠক হওয়ার কথা ছিল।
মঞ্জুর মঈন সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “সকালে শ্রমিকরা সেখানে গেলে বিজিএমইএ কর্মকর্তা মনসুর খালেদ শ্রমিকদের দিকে তেড়ে আসেন। এই সময় বিজিএমইএর ২৫/৩০ জন কর্মী লাঠি, রড দিয়ে শ্রমিকদের মারধর শুরু করেন।”
আক্রান্ত হয়ে শ্রমিকরাও প্রতিরোধ করেন বলে দাবি করেছিলেন শ্রমিক নেতা মঞ্জুর মঈন।
সেদিন শ্রম পরিদর্শক সাঈদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমরা বিজিএমইএ ভবনে গিয়ে একটি কক্ষে বসে আলোচনার জন্য অপেক্ষা করছিলাম। মনসুর খালেদ সাহেব আমাদের কক্ষে এসেছিলেন। এর কিছুক্ষণের মধ্যে নিচে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে বিজিএমইএকর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। ফলে এদিন আর আলোচনা এগোয়নি।”
ঘটনার পরদিন গত ১ ফেব্রুয়ারি রমনা থানায় মামলা করেন বিজিএমইএর প্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম।
তাতে অভিযোগ করা হয়, এক থেকে দেড়শজন লোক সংঘবদ্ধভাবে ঢুকে ভবনের দরজা, জানালা ভেঙে ব্যাপক ক্ষতি সাধন করেন। তারা চারটি মোবাইল ফোন সেট, ল্যাপটপ, স্ক্যানার মেশিন, আর্চওয়ে ভেঙে আনুমানিক ৩৪ লাখ ৪৪ হাজার ২০০ টাকার ক্ষতি করেন।
