২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানভীরের আত্মহত্যা ‘সরকারি চাকরি না পাওয়ার হতাশা থেকে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করা তানভীর রহমান সরকারি চাকরি না পাওয়ার হতাশা থেকে ওই পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন তার স্বজনরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 01:38 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

তার খালা মেহেরুননেসা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার বছর ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছিল তানভীর। চাকরির পরীক্ষা দিয়ে এসে নানা অনিয়ম আর দুর্নীতির কথা বলত; চাকরি পেতে টাকা লাগে- এমন হতাশার কথা বলত। শুনে আমরা সবাই কষ্ট পেতাম।”

চাকরির বাজারের এমন পরিস্থিতি এখন ‘সবারই জানা’- এমন মন্তব্য করে মেহেরুননেসা বলেন, “মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সরকারি চাকরি না পাওয়ার হতাশা থেকে ও আত্মহত্যা করল।”

ব্রাহ্মণবাড়িয়ার ফসিউর রহমান ও কামরুন্নেসার ছেলে তানভীর বড় হয়েছেন ঢাকার শেওড়াপাড়ায় নানাবাড়ির আত্মীয়দের সঙ্গে। ২০০৫ সালে বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে বিবিএ করেন।

পরে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি হন তিনি।

মেহেরুন নেসা জানান, কিছুদিন আগে বিমানে চাকরি হয়েছিল তানভীরের। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় ওই নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে যায়।

“তিনদিন আগে উত্তরায় ওর বাবার এক বন্ধুর গার্মেন্টে মার্চেন্টাজার হিসেবে কাজ শুরু করেছিল তানভীর। কিন্ত ওই কাজে সে খুশি ছিল না।”

শাহবাগ থানার পরিদর্শক জাফর আলী বিশ্বাস জানান, শনিবার রাতে তানভীর এমবিএ ভবনের নয় তলা থেকে ঝাপ দেন। রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাণিজ্য অনুষদের কর্মচারী রাসেল মিয়া বলেছেন, সিসি ক্যামেরার ফুটেজে তানভীরকে এমবিএ ভবনের ছাদে উঠতে দেখা যায়। পরে দেখা যায়, ফোন-মানিব্যাগ পাশে রেখে তিনি লাফ দিচ্ছেন। 

ব্যবসায় শিক্ষা অনুষদের একজন শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তানভীর কিছুটা মানসিক সমস্যায় ছিল। তার ব্যাগে কয়েকটি ঘুমের বড়ি পাওয়া গেছে।”

মেহেরুননেসা জানান, চাকরি নিয়ে হতাশায় থাকত বলে তানভীরকে কিছুদিন আগে বাড়ি নিয়ে গিয়েছিলেন তার মা। উত্তরায় মার্চেন্টাইজিংয়ের চাকরিতে যোগ দিতে তিনি ঢাকা ফেরেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, তানভীরের মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পরিবারের সদস্যরা রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ বুঝে নিয়ে ব্রাক্ষণবাড়িয়ায় গেছেন দাফনের জন্য।

পুরনো খবর:

ঢাবিতে ৯ তলা ভবন থেকে ‘লাফ দিয়ে’ ছাত্রের মৃত্যু