২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজারুল কায়েসের চিন্তাধারা কাজে লাগানোর আহ্বান

কূটনীতি বা শিল্প-সাহিত্যের নানা উদ্যোগে সাবেক কূটনীতিক মিজারুল কায়েসের চিন্তাধারা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তার সহধর্মিনী নাঈমা কায়েস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 11:32 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

মিজারুল কায়েসের মৃত্যুর এক বছর পর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক স্মরণসভায় এসে তিনি বলেন, “কায়েস সবসময় চিন্তা করত, হোয়াট ইজ পসিবল, হোয়াট ক্যান বি ডান। কখনও কারো বিরুদ্ধে তিনি অভিযোগ করতে পছন্দ করতেন না। সজ্জন মানুষটি সবসময় চাইতেন নতুন প্রজন্ম তার চিন্তাধারা ব্যবহার করবে। সবার কাছে অনুরোধ, আপনারা সবাই কায়েসের মূল্যবোধ ও চিন্তাধারা ব্যবহার করবেন, কাজে লাগাবেন।”

শনিবার বিকালে এই স্মরণসভার আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র, এই কেন্দ্রের ট্রাস্টি ছিলেন মিজারুল কায়েস।

আয়োজকরা তাদের গ্যালারিতে আয়োজন করেছে এক চিত্রকলা প্রদর্শনীর, যেখানে মিজারুল কায়েসের সংগ্রহে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আঁকা বিভিন্ন শিল্পীর ছাপচিত্র ঠাঁই পেয়েছে।

এই আয়োজনটি নাঈমা কায়েস বলেন, “এই এক্সিবিশনে আপনারা কায়েসকে খুঁজে বের করতে পারবেন। প্রত্যেক বছর তার শিল্পমনের এমন সব ভাবনা নিয়ে আমরা নানা আয়োজন করব। তার অনুরাগীরা মৌলিক মনের পরিচয় পাবেন।”

পারিবারিক সম্পর্কের বাইরে মিজারুল কায়েস শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলেও জানান তিনি। ইসলামাবাদের মডেল স্কুল, ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল, রাজশাহী কলেজ, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কিভাবে যোগাযোগ রক্ষা করে চলতেন, তা শোনান নাঈমা কায়েস।

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে স্মরণসভায় যোগ দিয়েছিলেন সাবেক জ্যেষ্ঠ সচিব কবি কামাল চৌধুরী, তার শিক্ষক রাজশাহী কলেজের অধ্যাপক গোলাম কবির, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

২০১৭ সালের ১০ মার্চ ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত অবস্থায় ৫৬ বছর বয়সে মারা যান মিজারুল কায়েস।  

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মিজারুল কায়েস ২০০৯ সালের ৮ জুলাই থেকে ২০১২ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। ২০১৪ সালে ব্রাজিলে রাষ্ট্রদূত পদে যোগ দেওয়ার আগে তিনি ২০১২ সালে ৯ ডিসেম্বর যুক্তরাজ্যে হাই কমিশনারের দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার আগে মিজারুল কায়েস রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত, মালদ্বীপে হাই কমিশনার হিসেবে কাজ করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে সার্ক, দক্ষিণ- পূর্ব এশিয়া, অর্থনৈতিক বিষয়াবলী, আনক্লস ও বহিঃপ্রচার অনুবিভাগের দায়িত্বও পালন করেন। জাপান, জেনেভা, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের মিশনেও দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের ইন্টারন্যাশনাল কমিশনেও তিনি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রবীন্দ্রপ্রেমী হিসেবে পরিচিত মিজারুল কায়েসের শিল্পকলা ও চলচ্চিত্রের প্রতি ছিল গভীর অনুরাগ। ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন চলচ্চিত্র ও চিত্র প্রদর্শনীতে ‍বিচারকের ভূমিকা পালন করেছেন তিনি। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য ছিলেন তিনি। মানিকগঞ্জের তেওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত জমিদারবাড়িতে তিনি নন্দন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার স্বপ্ন বুনেছিলেন।

অনুষ্ঠানে মিজারুল কায়েসকে নিয়ে স্মৃতিচারণ করেন ১৯৮২ ব্যাচে নিয়োগপ্রাপ্ত কয়েকজন সচিব, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা সবাই পররাষ্ট্র সচিব, শিল্পবোদ্ধা-সমালোচক মিজারুল কায়েসের কূটনৈতিক, শৈল্পিক অবদানগুলো যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান।

মিজারুল কায়েসের স্মৃতি সংরক্ষণে সমন্বিত উদ্যোগের দাবি জানান কবি কামাল চৌধুরী ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।  

সরকারি চাকরিতে মিজারুল কায়েসের ব্যাচমেট কবি কামাল চৌধুরী বলেন, “কায়েস যা বলত, তা গভীর অবলোকনের চোখ দিয়ে দেখে তারপর বলত। বহুমাত্রিক মানুষটি পরিপার্শ্ব সম্পর্কে ভালোভাবে জানত। কূটনৈতিক দায়িত্বে বা শিল্প-সাহিত্যে তিনি তার মেধা, সৃজনের ছাপ রেখে গেছেন। তিনি যদি তার কাজ নিয়ে নিয়মিত লেখালেখি করতেন, তবে তা হত বাংলাদেশের অসাধারণ সম্পদ।“

রামেন্দু মজুমদার বলেন, “কায়েসের মতো মেধাবী মানুষ আমি আর দ্বিতীয়টি দেখিনি। থিয়েটারের জন্য আমেরিকান নাটক দ্য ইন্ডিপেন্ডেন্টের অনুবাদ করেছিলেন কায়েস, ‘মুক্তি’ নামে নাটকটি মঞ্চস্থ করি আমরা। পরে নাটকটি লন্ডনেও মঞ্চস্থ হয়েছিল তার সহযোগিতায়। কথা ছিল আরো একটি নাটক তিনি অনুবাদ করবেন, তা আর হল না।