২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক সমিতির

নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ না পেয়ে রাজউকের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনেছে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 12:00 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা অভিযোগ করেন, বিভিন্ন দফায় কিস্তির টাকা পরিশোধ করেও রেডি ফ্ল্যাট বরাদ্দ পাননি তারা।

প্রকল্পের ভৌত ও অবকাঠামো সুবিধা নিশ্চিৎ না করে ফ্ল্যাট মালিকদের চাবি বুঝে নিতে রাজউকের পাঠানো চিঠিকে ‘অবিবেচনাপ্রসূত’ বলছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকল্পের বিস্তারিত জানিয়ে নানা অভিযোগ করা হয়।

সম্প্রসারিত উত্তরা প্রকল্প (তৃতীয় পর্ব) ১৮ নম্বর সেক্টরের এ ব্লকে ৮৪টি ১৬তলা ভবন নির্মাণ করে ৩৭০ বর্গফুট কমন স্পেসসহ ১২৫০ বর্গফুট আকৃতির ফ্ল্যাট ৬৬০০ জনকে বরাদ্দ দেওয়ার লক্ষ্যে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১০ সালের ২১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরবর্তীতে ২০১২ সালের মার্চ মাসে এই প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদনপত্র আহ্বান করে রাজউক। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ছিল ২০১২ সালের ৩০ এপ্রিল।

আবেদনের শর্ত অনুযায়ী ৩ লাখ টাকা জামানত, সেই সাথে সর্বমোট ৮ কিস্তিতে পরিশোধযোগ্য প্রতি কিস্তি ৬ লাখ ৭১ হাজার ২৫০ টাকা হিসেবে প্রথম কিস্তি জমা দিয়ে ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন করতে বলা হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হামিদুর রহমান বলেন, “পরবর্তীতে এই প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান এনা ডুঙ্গা ও সরকারের মধ্যে কর্মসম্পাদন বিষয়ে জটিলতা সৃষ্টি হলে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা গভীর হতাশার মধ্যে পড়েন। পরিস্থিতি অনিশ্চিৎ হয়ে পড়লে অনেক বিনিয়োগকারী বিনিয়োগকৃত অর্থ ফেরৎ নেন।

“পরে প্রধানমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের হস্তক্ষেপে অচলাবস্থার নিরসন হয়। ২০১৪ সালে প্রকল্পের কাজে পুনরায় গতি ফেরে।

“এত কিছুর পরেও রাউজক কর্তৃপক্ষ সম্পাদিত চুক্তির শর্তানুসারে ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদনকারীদের মধ্যে যারা নিয়মিত চতুর্থ কিস্তি পরিশোধ করেছেন তাদের নিকট ফ্ল্যাট বরাদ্দ দিতে ব্যর্থ হন।”

রাজউক কর্তৃপক্ষ পরবর্তীতে তড়িঘড়ি করে প্রকল্পের কোনো কোনো ভবনের শুধু পূর্ত কাজ শেষ করে ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর এবং ২০১৮ সালের ৭ জানুয়ারি দুই দফা লটারি অনুষ্ঠানের মাধ্যমে যথাক্রমে ৮৩৭ জন এবং ২৬২১ জনকে ফ্ল্যাট দেওয়ার জন্য নির্বাচিত করে।

২০১৭ সালের ১০ সেপ্টেম্বর লটারিতে বরাদ্দপ্রাপ্তদের ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ইউটিলিটি ও গ্যারেজ সুবিধা বাবদ আরও ৫ লাখ টাকা জমা দিয়ে ফ্ল্যাটের চাবি বুঝে নিতে মালিকদের চিঠি দেয় রাজউক।

চিঠিতে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত লটারির মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত ২৬২১ জনকে ৩১ মের মধ্যে ৫ লাখ টাকা জমা দিয়ে ফ্ল্যাটের চাবি বুঝে নেওয়ার জন্যও নির্দেশনা আসে।

এই চিঠিকে ‘চরম অবিবেচনাপ্রসূত’ আখ্যায়িত করে সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, “প্রকল্প এলাকা আবাসন উপযোগী নয়। জরুরি বিদ্যুৎ, পানি, লিফট, স্যুয়ারেজ লাইন, রাস্তা, নিরাপত্তা ব্যবস্থাসহ ভৌত ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিৎ করা হয়নি। প্রকল্পের কোনো কোনো ভবনে নির্মাণ কাজ চলায় ধুলাবালিতে অতিষ্ঠ হতে হয়। ”

২০১৭ সালের ১৫ নভেম্বর রাজউক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দেন রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতির সদস্যরা।

তাদের দাবির মধ্যে রয়েছে-

# ফ্ল্যাটে উঠার সময় থেকে ইউটিলিটি ও অন্যান্য চার্জ বাবদ ৫ লাখ টাকা গ্রহণ।

# ফ্ল্যাটে উঠার পর পঞ্চম কিস্তির টাকা প্রদান ও সুদ গণনা করা।

# রাজউক চুক্তির শর্তভঙ্গ করে ফ্ল্যাট বরাদ্দের সময়কাল বিলম্বিত করার জন্য অবশিষ্ট ৫০ শতাংশ মূল্য পরিশোধের সুদের হার কমিয়ে শতকরা ৫ ভাগে নির্ধারণ করা।

# অবশিষ্ট ৫০ শতাংশ মূল্য চার বছরে ৪ কিস্তির পরিবর্তে ৮ বছরে ৮ কিস্তিতে পরিশোধের সুবিধা প্রদান।

২০ এপ্রিলের মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে প্রধানমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে তারা।

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক সমিতির এসব অভিযোগ ও দাবি সম্পর্কে বক্তব্যের জন্য রাউজক চেয়ারম্যান আবদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া দেননি তিনি।