২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারমার্স ব্যাংকের ঋণ কেলেঙ্কারি নিয়ে টিআইবির উদ্বেগ

গ্রাহকের আমানতের অর্থ ফেরত দিতে ফারমার্স ব্যাংকের ব্যর্থতা এবং বিতরণ করা ঋণ কেলেঙ্কারির নতুন তথ্য প্রকাশিত হওয়ায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 10:02 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

শুক্রবার এক বিবৃতিতে ব্যাংকটির আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

গণমাধ্যম সূত্র উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, অনিয়ম-জালিয়াতির মাধ্যমে আমানতের ঊর্ধ্বে ঋণ প্রদানসহ ব্যাপক অব্যবস্থার কারণে ফারমার্স ব্যাংক গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে।

“ব্যাংকটির বিতরণকৃত ঋণের অর্ধেকেরও বেশি ফেরত আসবে না মর্মে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক আশঙ্কার প্রেক্ষিতে আমানতকারীগণ প্রাপ্য অর্থ আদৌ ফেরত পাবেন কিনা, কিংবা পেলেও কবে নাগাদ পাবেন- তা নিয়ে গ্রাহকদের মধ্যে চরম অনিশ্চয়তা এবং পাশাপাশি পুরো ব্যাংকিং খাত সম্পর্কে জনমনে অনাস্থা সৃষ্টি হয়েছে।”

‘দুর্নীতি ও জালিয়াতির’ কারণে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে এবং এ দায় থেকে ফারমার্স ব্যাংক কর্তৃপক্ষ (সাবেক শীর্ষব্যক্তিসহ) এড়াতে পারে না বলে এতে বলা হয়।

ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মহীউদ্দিন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চিশতি দায়িত্বে থাকা অবস্থায় ফারমার্স ব্যাংকে বড় ধরনের আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

“অনিয়ম ও জালিয়াতিনির্ভর ঋণ মঞ্জুরে তাদের সম্ভাব্য সম্পৃক্ততার তথ্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট প্রতিবেদনে চিহ্নিত হয়েছে।

“ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে অযোগ্য ও অসাধু ব্যক্তিদের ঋণ বিতরণের মাধ্যমে কমিশন ভোগ করে ব্যাংকটির সাবেক পরিচালনা পর্ষদের একাংশ কর্তৃক নৈতিক স্খলনের নির্লজ্জ ও গর্হিত দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।”

ঋণ জালিয়াতিসহ অন্যান্য অনিয়মের সাথে জড়িতদের জবাবদিহি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় এ বিবৃতিতে।

“গ্রাহকদের আমানতের অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জন করার পরও অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকবেন, আর অন্যদিকে আমানতের অর্থ ফেরত পাওয়া নিয়ে গ্রাহকরা উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে থাকবেন- তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে ফারমার্স ব্যাংকের ব্যর্থতায় পুরো ব্যাংকিং খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করে টিআইবি।

এতে করে ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত বোধ করার পাশাপাশি অনেক গ্রাহকের মধ্যে আমানতের অর্থ দ্রুত উত্তোলনের প্রবণতা সৃষ্টি হয়েছে বলে দাবি করছে বেসরকারি এ সংস্থাটির।

এই অবস্থায় সরকারিভাবে নতুন করে মূলধন জোগানোর ব্যবস্থা না করে সংকটের জন্য দায়ী ব্যক্তিদের শেয়ার বাজেয়াপ্ত করে গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে টিআইবি।

যাত্রার তিন বছরেই ধুঁকতে থাকা ফারমার্স ব্যাংকে ব্যাপক অনিয়মের জন্য ব্যাংকটির প্রতিষ্ঠাতাদের দায়ী করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

চাপের মুখে সম্প্রতি ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে হয় ব্যাংকের প্রতিষ্ঠাতা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সমস্য মহীউদ্দিন খান আলমগীরকে। তিনি অনিয়মের অভিযো অস্বীকার করেন।

২০১৬ সালে শত শত কোটি টাকা অনিয়ম দেখে ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকটি চার বছর পেরিয়ে এখনও গ্রাহকদের অর্থ ফেরত দিতে পারছে না, পরিবেশ মন্ত্রণালয়েরও ৫০৮ কোটি টাকা ব্যাংকটিতে আটকে পড়েছে।

তারল্য সংকটে পড়ে এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা আমানত চেয়ে কোন সাড়া পায়নি ব্যাংকটি। কিন্তু এখন নতুন করে সরকার ৭১৫ কোটি টাকা ঢালার উদ্যোগ নিয়েছে বলে খবর বেরিয়েছে।