অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যুদ্ধ চলছে এখনও: সংস্কৃতিমন্ত্রী
একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ার যুদ্ধ এখনও চলছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক বিপ্লবী সত্যেন সেনের জন্মদিনে শিল্পকলা একাডেমিতে আয়োজিত সত্যেন সেন শিল্পগোষ্ঠীর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে তিনি এ মন্তব্য করেন।
সত্যেন সেন শিল্পগোষ্ঠীর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে সত্যেন সেন সম্মাননা পদক দেওয়া হয়।
আসাদুজ্জামান নূর বলেন, “সংস্কৃতিকর্মীরা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে নিজ নিজ জায়গা থেকে কাজ করে চলেছেন। তারা যে পথে হাঁটছেন, এর কোনো শেষ নেই। অনন্তকাল ধরে এ পথে চলতে হবে।
“মুক্তিযুদ্ধের শুরু আছে, শেষ নেই। এখন আমাদের যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক মুক্তির যুদ্ধ; অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধ।”
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক ড. হায়াৎ মামুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ ও নায়লা তারাননুম চৌধুরী কাকলী; একক সংগীত পরিবেশন করেন শিল্পী সাজেদ আকবর, শিল্পী সালমা আকবর ও কলকাতার শিল্পী অভিজিৎ চট্টোপাধ্যায়; দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা, ঋষিজ শিল্পীগোষ্ঠী, পঞ্চভাস্বর ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী; অনিক বসুর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যদল স্পন্দন।
