২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপনে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 02:39 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

পুরনো খবর:

ঠাকুরগাঁওয়ে ৬৬ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এই সফরে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের জনসভাতেও বক্তব্য দেবেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁও বিজিবি সেক্টর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

বিকালে জনসভায় অংশ নেওয়ার আগে জেলা স্কুল বড় মাঠে তিনি ৬৬টি উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিস্থাপন করবেন।

দীর্ঘ ১৭ বছর পর ঠাকুরগাঁওয়ে শেখ হাসিনার এই জনসভা ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চলছে উৎসবের আমেজ। রংপুর বিভাগের আট জেলা থেকে দলের নেতা কর্মীরা স্কুল মাঠে জড়ো হতে শুরু করেছেন সকাল থে্কেই।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো শহর ব্যানার, ফেস্টুন আর তোরণে সাজানো হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রীকে স্বাগত জানাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর সাজানো হয়েছে মনোরম সাজে।

সাদেক কুরাইশী জানান, এর আগে ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিতে ঠাকুরগাঁওয়ে এসেছিলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এবারের জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করছি পাঁচ থেকে সাত লাখ লোক সমাগম হবে। জনসভায় প্রধানমন্ত্রীর কাছে স্থানীয়দের দাবিগুলো তুলে ধরা হবে।”

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েন পুলিশ সুপার ফারহাত আহমেদ।