২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীদের ৩ দাবি

গৃহ শ্রমের নীতিমালার বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছেন গৃহকর্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 08:42 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

বুধবার ঢাকার তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের ঢাকা মহানগর গৃহশ্রমিক সম্মেলনে এই দাবি জানানো হয়।

সম্মেলনে গৃহশ্রমিকরা তাদের বুয়া ডাকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।  

ভাষানটেকের গৃহকর্মী ইয়াসমিন আক্তার বলেন, “যে বাসায় কাজ করি, সে বাসার সবাই আমাদের বুয়া ডাকে। গৃহকর্তা বা গৃহকর্ত্রী বুয়া ডাকতে পারে, কিন্তু তাদের সন্তান ও সবাই যদি ডাকে, তাহলে কেমন হয়!

“আমার তো নাম আছে। আমি তো শ্রম দিয়ে খাই। তারপরও কেন অবহেলিত আমরা?”

সম্মেলনে শ্রমিকদের পক্ষ থেকে গৃহশ্রম নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি আইন প্রণয়ন এবং আইএলও কনভেনশনের ১৮৯ ধারায় অনুসমর্থনের আহ্বান জানানো হয়।

সংসদ সদস্য শিরিন আক্তার সম্মেলনে গৃহশ্রমিকদের উদ্দেশে বলেন, “আপনাদের ছাড়া আমরা চলতে পারি না। আপনাদের কদর অনেক। আপনাদের কাজ সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

“আপনাদের জন্য নীতিমালা আছে, কিন্তু আইন নাই। তাই এই দাবি আদায় করতে হলে নিজেদেরকে সাংগঠনিকভাবে আরও শক্ত হতে হবে এবং আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।”

‘সখি প্রকল্পের’ সহযোগিতায় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের এই সম্মেলন হয়।

কুনিপাড়ার গৃহকর্মী রেখা বলেন, “আগে আমরা শুধু কাজ করতাম। কিছুই বুঝতাম না। এখন সখি প্রকল্পের মাধ্যমে জানতে পারি আমাদের অধিকার সম্পর্কে।”

বস্তিতে বসবাসরত নাগরিকের স্বাস্থ্য, অধিকার ও ইচ্ছেপূরণ বিষয়ক প্রকল্প 'সখি' নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়ন হচ্ছ।

বেসরকারি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মেরী স্টোপস, আমরাই পারি, উইমেনস হেলথ কোয়ালিশন (বিডব্লিউএইচসি) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।

ব্লাস্টের আইনজীবী বরকত আলী সম্মেলনে গৃহকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা অনেক মামলা মোকাবেলা করতে গিয়ে সমস্যায় পড়ি। কারণ মামলা চলাকালে কোনো এক সময় দেখা গেল বাদি-বিবাদী মিলমিশ হয়ে গেছে। এখন কিছু টাকার জন্য মিলমিশ হয়ে গেলে বড় দাবিগুলো আসবে না।”

সম্মেলনে গার্হস্থ্য শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের ঢাকা মহানগর কমিটি ঘোষণা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার। গেণ্ডারিয়ার নীলা মল্লিককে সভাপতি ও মাতুয়াইলের রুবিনা বেগমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন হয়।