অর্থ পাচার ঠেকাতে সবাইকে পাশে চান দুদক প্রধান
অর্থ পাচারে জড়িত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার জানিয়ে তাতে সবার সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, “কতিপয় দুর্নীতিবাজ এদেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করছে, এবছর অর্থ পাচার রোধে দুদক সর্বোচ্চ চেষ্টা চালাবে।”
ইকবাল মাহমুদ বলেন, কিছু দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী, গুটিকয়েক সরকারি কর্মকর্তা এবং কতিপয় ব্যাংক কর্মকর্তার যোগসাজশে পণ্য আমদানির নামে ‘ওভার ইনভয়েসিংয়ের’ মাধ্যমে দেশ থেকে জনগণের অর্থ পাচার করছে বলে ‘বিশ্বাসযোগ্য সূত্র থেকে’ তথ্য পেয়েছে কমিশন।
“জনগণের অর্থ বিদেশে পাচার রুখতে দুর্নীতি দমন কমিশন শক্তভাবে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। দুদকের অর্থপাচারবিরোধী অভিযাত্রায় সকলের সহযোগিতা কামনা করছি।”
“তা হলে অবশ্যই আরও বেশি অর্থনৈতিক অগ্রগতি সাধিত হত। উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে দুর্নীতিকে সম্মিলিতভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে।”
প্রত্যাশিত মাত্রায় দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দেশের সর্বস্তরের মানুষের সমর্থন চেয়েছেন ইকবাল মাহমুদ।
এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা সরকারি পরিসেবা প্রদানকারী সংস্থায় ‘দুর্নীতিবাজ হিসেবে জনশ্রুতি আছে’ এমন ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছে দুদক।
প্রশ্ন ফাঁস নিয়ে আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “এ বিষয়ে কমিশন সার্বিক নজর রাখছে। অসাধু ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা কিংবা কথিত কোচিংসেন্টার পরিচালনাকারীদের প্রতি আমাদের অনুরোধ, এই ঘৃণ্য এবং অমার্জনীয় অপরাধে কেউ জড়াবেন না। এই অপরাধীদের কোনো ক্ষমা নেই, কোনো ছাড় নেই।”
‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ প্রতিপাদ্য নিয়ে সোমবার শুরু হওয়া দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের তৃতীয় দিনে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মো. শামসুল আরেফিনসহ কমিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, বিএনসিসির সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন।
