২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মেয়ের মৃত্যু, মা আহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু এবং তার মা আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 10:45 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

মঙ্গলবার রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগের হাশেম রোডে রাস্তা পার হওয়ার সময় মা-মেয়ে দুর্ঘটনার শিকার হন বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, হিমাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মিতু আকতারকে (১৩) মৃত ঘোষণা করেন। তার মা শিরিন বেগম (৪০) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে যাত্রাবাড়ী থানার ওসি আনিচুর রহমান জানিয়েছেন।

মিতু শনিরআখড়ার নলেজ আইডিয়াল হাই স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। তার বাবা মিজানুর রহমান পেশায় ঠিকাদার।

মিতুর ছোট বোন মিথিলা (৯) জানায়, তাদের বাসা রায়েরবাগের খানকাশরীফ রোডে। সকালে তিন বোনকে নিয়ে বাবা-মা নারায়ণগঞ্জে তাদের নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে লেগুনায় করে এলাকার আসার পর এই দুর্ঘটনা ঘটে।

“আমি আর অন্তরা (১৪) আপু বাবার সাথে ছিলাম। মায়ের সাথে ছিল মিতু আপু।”

আহত মা-মেয়েকে উদ্ধারকারীদের মধ্যে মেঘলা পরিবহনের চালকের সহকারী আলামিন ছিলেন।

তিনি সাংবাদিকদের বলেন, রায়েরবাগ হাশেম রোডে রাস্তা পার হওয়ার সময় নারায়ণগঞ্জগামী হিমাচল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হয়।

পরে পথচারীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হয়।