২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিদের মোবাইল যোগাযোগ শুরু হচ্ছে

স্বজনদের সঙ্গে মাসে দুই বার মোবাইলে কথা বলার সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা।

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 09:09 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

পাইলট প্রকল্প হিসেবে প্রথমে টাঙ্গাইল জেলা কারাগারে এই সেবা চালু হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার এই প্রকল্পের ‍উদ্বোধন করবেন।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাইলট প্রকল্পের ফলাফল দেখে পর্যায়ক্রমে সারা দেশের কারাগারগুলোতে এই সেবা চালু করা হবে।

তিনি বলেন, “একজন বন্দি দুই সপ্তাহ পর একবার স্বজদের সঙ্গে কথা বলতে পারবেন। প্রথম আমরা ১০ মিনিট সুযোগ দেব। তবে জেল সুপার ইচ্ছা করলে সময়ের বিষয়টি বাড়াতে বা কমাতে পারবেন।“

বর্তমানে কারাগারে গিয়ে দণ্ডপ্রাপ্ত বন্দিদের (কয়েদি) সঙ্গে মাসে দুইবার এবং হাজতিদের সঙ্গে মাসে একবার দেখা করার সুযোগ পান আত্মীয়-স্বজনরা।

স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলার জন্য নামমাত্র ‘ফি’ নেওয়া হবে জানিয়ে কারা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, “বন্দিদের জমা রাখা টাকা থেকেই তা কেটে নেওয়া হবে।”

ফোনালাপ রেকর্ড করা হবে জানিয়ে তিনি বলেন, কারাগারে ঢোকার সময়ই প্রত্যেক বন্দির কাছ থেকে দুটি মোবাইল নম্বর নেওয়া হবে। পরবর্তীতে ওই নম্বরগুলোতেই তিনি যোগাযোগ করতে পারবেন।

যে বন্দির স্বজনদের সঙ্গে যোগাযোগের দিন থাকবে, আগের দিন তার দেওয়া নম্বর দুটোতে মেসেজ পাঠিয়ে নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হবে।

টাঙ্গাইলের জেলার আবুল বাশার জানিয়েছেন, জঙ্গি ও সন্ত্রাসীদের এই সুবিধা দেওয়া হবে না। বন্দিদের কাছ থেকে মোবাইলে প্রতি মিনিট কথা বলার জন্য এক টাকা করে কেটে নেওয়া হবে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) সার্ভিস ইনোভেশন ফান্ড এবং বাংলাদেশ কারা কর্তৃপক্ষের সহায়তায় এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক।

বন্দিদের এই সেবা দিতে টাঙ্গাইল জেলা কারাগারের ভেতরে একটি কক্ষে চারটি ফোন বুথ তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বড় বড় কারাগারগুলোতে আরও বেশি বুথ তৈরি করতে হবে।