২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন ছাত্রীদের ‘শ্লীলতাহানিতে’ গ্রেপ্তাররা কারাগারে

রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার চার দোকান কর্মচারীকে কারাগারে পাঠিয়ে কারাফটকে তাদের জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 08:16 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম রোববার আসামিদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

আসামিরা হলেন-নজরুল ইসলাম, আল আমিন, আবুল হোসেন ও নয়ন। তারা সবাই চাঁদনী চক মার্কেটের পাশের বলাকা মার্কেটের ‘শাহনূর ফ্যাশন’ নামের একটি দোকানের কর্মচারী।

শুক্রবার বিকালে ইডেন কলেজের চার শিক্ষার্থী ওই মার্কেটে কেনাকাটা করতে যান। এ সময় তাদের সঙ্গে একজনের মা ও আরেকজনের খালা ছিলেন। দোকানের সামনে ব্যাগ রাখা নিয়ে ওই দুই নারীর সঙ্গে একটি দোকানের কর্মচারীদের বাকবিতণ্ডা হয়।

এরপর কথা কাটাকাটির জেরে দোকান কর্মচারীরা ‘আজেবাজে’ কথা বলার পাশাপাশি অশ্লীল অঙ্গভঙ্গি ও কাপড় ধরে টান দেয় অভিযোগ করে শনিবার দুপুরে মামলা দায়ের করেন ইডেনের এক ছাত্রী। এরপর ওই দোকানে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মজুমদার রোববার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “আসামিরা মামলার বাদীর কামিজের কলার ধরে শ্লীলতাহানির উদ্দেশ্যে শারীরিকভাবে নির্যাতন করে। তখন বাদীর বান্ধবী এবং বান্ধবীর মা-খালা বাদীকে উদ্ধার করতে আসলে তাদেরও শ্লীলতাহানির উদ্দেশ্যে শারীরিকভাবে নির্যাতনসহ টানাহেঁচড়া করা হয়। একপর্যায়ে আসামিরা অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন রকমের কুপ্রস্তাব দেয়।

“প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে।”

মূল ঘটনা উদঘাটন এবং অজ্ঞাত পরিচয় আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তারের জন্য আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষে জাকারিয়া মোল্লাসহ কয়েকজন আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন চেয়ে শুনানি করেন।

আইনজীবী জাকারিয়া সাংবাদিকদের জানান, দুই পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আসামিদের কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

পুরনো খবর:

ইডেন ছাত্রীদের ‘যৌন হয়রানিতে’ চার দোকান কর্মচারী গ্রেপ্তার