২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ শুরু সোমবার

'বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি' প্রতিপাদ্য নিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে দুর্নীতি দমন কমিশনের ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 07:37 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

সেদিন সকাল ৮টায় ঢাকার সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

অপর দুই কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ও এএফএম আমিনুল ইসলাম এবং কমিশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেবেন। সাত দিনব্যাপী কর্মসূচি শেষ হবে ১ এপ্রিল।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন শেষে দুদক দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রেক্ষাপট, উদ্দেশ্য, দুর্নীতিবিরোধী কার্যক্রমে বিগত দিনের সাফল্য, ব্যর্থতা এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন।

পরে কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করবেন ইকবাল মাহমুদ। সোমবার থেকে ১ এপ্রিল এই প্রদর্শনী সকাল ৯টা থেকে বিকাল ৫টা সবার জন্য উন্মুক্ত থাকবে। একই দিনে দুদকের কর্মকর্তা-কর্মচারীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক, রচনা, পোস্টার অঙ্কন ও কার্টুন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।  বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সেদিন উপস্থিত থাকার কথা রয়েছে।

বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন হবে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ নেতৃত্বে কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী, দুদকের প্যানেল আইনজীবী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ নাগরিকরা তাতে অংশ নেবেন।

পরে বিকাল ৩টায় দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের জন্য দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭ দেওয়া হবে। কমিশনের প্রধান কার্যালয়ে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

২৯ মার্চ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কৃত করবে কমিশন।  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ওই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে।

৩০ মার্চ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদের খতিবরা জুমার নামাজের আলোচনায় দুর্নীতিবিরোধী বক্তব্য দেবেন বলে দুদক জানিয়েছে।

শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সততা সংঘের’ সদস্যদের নিয়ে ৩১ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাবেশ ও দুর্নীতিবিরোধী শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইকবাল মাহমুদ সেখানে 'সততা সংঘের' সদস্যদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করাবেন এবং তরুণ প্রজন্মের সদস্যদের সামনে বক্তব্য দেবেন।

কর্মসূচির শেষ দিন ১ এপ্রিল কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে 'জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থাপনা দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক'  শীর্ষক সেমিনার হবে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি থাকবেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

দুদকের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে তৃণমূল পর্যায়ে দেশের প্রতিটি জেলা, উপজেলা, নগর ও মহানগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা প্রনব।