হাসিনার নেতৃত্বের প্রশংসায় ট্রাম্প
মিয়ানমারে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
গত ২৪ মার্চ মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সেখান থেকে পালিয়ে আসা সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদকেও চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, “সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঠাঁই দেওয়ায় বাংলাদেশের জনগণ ও আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লেখা ট্রাম্পের দুটি চিঠিই সংবাদমাধ্যমে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উভয় চিঠিতেই যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাস দমন, বাণিজ্য ও বিনিয়োগে ঢাকা-ওয়াশিংটনের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।
“আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব উভয় দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করছে।”
