২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা পুরস্কার পেলেন ১৮ জন

আইয়ুববিরাধী আন্দোলনের শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি শহীদ সার্জেন্ট জহরুল হকসহ ১৮ জনকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 11:48 AM

Updated : 11 Oct 2022, 12:13 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে এবারের পুরস্কারজয়ী এবং তাদের প্রতিনিধিদের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেন।

যে ১৮ জন এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন, তাদের মধ্যে দশজননকেই মরণোত্তর এ পুরস্কার দেওয়া হল।

১৯৬৯ সালে ২০ জানুয়ারি ১১ দফার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ছাত্র সমাবেশ থেকে ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল বের হয়। মিছিলটি মেডিকেল কলেজ পেরিয়ে যখন চানখারপুল অতিক্রম করছিলো, তখন পুলিশের গুলিতে শহীদ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, যাকে এ দেশের মানুষ আসাদ নামেই মনে রেখেছে।

আসাদ হত্যার প্রতিবাদে পরদিন ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। আসাদের রক্তমাখা শার্ট নিয়ে লাখো জনতা মৌন মিছিলে অংশ নেয়।

পরে পাকিস্তানের তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের নামফলক সরিয়ে জনতা বিভিন্ন স্থানে আসাদের নামে নামফলক স্থাপন করে। এর অংশ হিসেবে ঢাকায় আইয়ুব গেইটের নাম হয় আসাদ গেইট। আর আইয়ুব এভিনিউয়ের নাম হয় আসাদ এভিনিউ।  

শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের পক্ষে তার ভাই এফ এম রশীদুজ্জামান রোববারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।

আসাদের মৃত্যু আইয়ুববিরোধী আন্দোলনকে আরও বেগবান করে তোলে। চার দিনের মাথায় ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি সচিবালয়ের সামনে আইয়ুববিরোধী ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী ইপিআরের গুলিতে নিহত হন নব কুমার ইন্সটিটিউটের ছাত্র মতিউর রহমান।

মতিউরের মৃত্যুতে আন্দোলন আরও ব্যাপকতা লাভ করে। দুই মাসের মধ্যে আইয়ুব খানের এক দশকের স্বৈরশাসনের অবসান ঘটে।

সেই কিশোর মতিউরই শহীদ মতিউর রহমান মল্লিক। তার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তার ভাই মাহবুবুর রহমান মল্লিক। 

নোয়াখালীর সন্তান জহরুল হক ১৯৫৬ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়ে এক সময় পদোন্নতি পেয়ে সার্জেন্ট হন। বাহিনীতে থেকেও সে সময় যারা ভেতরে ভেতরে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, সার্জেন্ট জহরুল হক তাদেরই একজন।

সেই সন্দেহ থেকেই ১৯৬৮ সালের জানুয়ারিতে জহরুল হককে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধুর বিরুদ্ধে করা আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকেও আসামি করা হয়।

আইয়ুববিরোধী আন্দোলনের মধ্যেই ঢাকা সেনানিবাসে বন্দি অবস্থায় ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি জহুরুল হককে গুলি ও বেয়নেট চার্জ করে হত্যা করে পাকিস্তানিরা। পরে প্রবল গণআন্দোলনে আইয়ুব খানের সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।

শহীদ সার্জেন্ট জহুরুল হকের পক্ষে তার ভ্রাতুষ্পুত্রী নাজনীন হক প্রধানমন্ত্রীর হাত থেকে দেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব গ্রহণ করেন। 

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি দিল্লিতে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন। হুমায়ুন রশীদ চৌধুরীর পক্ষে তার স্ত্রী মাহজাবিন চৌধুরী প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেন।

হুইল চেয়ারে করে মঞ্চে আসেন সাবেক এই স্পিকারের স্ত্রী। প্রধানমন্ত্রী তার চেয়ার ছেড়ে টেবিলের সামনে এসে দাঁড়ান। মাহজাবিন চৌধুরী দুহাত বাড়িয়ে দিলে প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকার ধানমণ্ডির বাড়িতে সপরিবারে নিহত হন, হুমায়ুন রশীদ চৌধুরী তখন জার্মানিতে (তখনকার পশ্চিম জার্মানি) বাংলাদেশের রাষ্ট্রদূত। ১৫ অগাস্টের পর হুমায়ুন রশীদ চৌধুরীর বনের বাসভবনেই শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন। পরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুরোধে তারা দিল্লী চলে যান।

শহীদ বুদ্ধিজীবী এম এম এ রাশীদুল হাসান, বঙ্গবন্ধুর সহচর সাবেক সাংসদ শংকর গোবিন্দ চৌধুরী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সাংসদ এম আব্দুর রহিম, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ভূপতি ভূষণ চৌধুরীও (মানিক চৌধুরী) এবার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।

এছাড়া শহীদ লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম ও কাজী জাকির হাসান, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম ও সাবেক কূটনীতিক আমজাদুল হকও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ পুরস্কার পেয়েছেন।

চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. এ কে এমডি আহসান আলী, সমাজসেবায় অধ্যাপক এ কে আজাদ খান, সাহিত্যে সেলিনা হোসেন এবং খাদ্য নিরাপত্তায় ড. মো. আব্দুল মজিদ, সংস্কৃতির ক্ষেত্রে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং কৃষি সাংবাদিকতায় চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারজয়ী প্রত্যেকে পেয়েছেন ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, তিন লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।

অন্যদের মধ্যে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উচ্চ আদালতের বিচারপতি, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।