২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা সংস্কার: লাঠিপেটা, মামলার প্রতিবাদে বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে কর্মসূচিতে আন্দোলনকারীদের লাঠিপেটা করা ও মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2018, 04:18 PM

Updated : 11 Oct 2022, 12:12 PM

রোববার সকাল ১০টায় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে চাকুরীপ্রার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি চারুকলা, শাহবাগ, টিএসসি, নীলক্ষেত মোড় হয়ে টিএসসির রাজু সন্ত্রাসবিরোধী ভাষ্কর্যের পাদদেশে গিয়ে শেষ হলে আন্দোলনকারীরা সেখানে সমাবেশ করে।

আন্দোলনকারীদের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল মামুন বলেন, “আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করায় অজ্ঞাতনামা ৭০০/৮০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলার প্রতিবাদে এবং হাই কোর্টের মোড়ে মারধরের পর ৬৩ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে।

“যদি আমাদের ৭০০/৮০০ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় তাহলে আমাদের সাথে থাকা সারাদেশের ত্রিশ লক্ষ বেকারের বিরুদ্ধেও মামলা দেওয়া হোক।”

অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে নিতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলন থেকে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে স্লোগান দেওয়ার অভিযোগ এনেছিলেন মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির নেতারা।

তাদের উদ্দেশ্যে মামুন বলেন, “যারা বলছেন- ‘আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি’, তাদের বলতে চাই, কোটা সুবিধা ভোগ করছে এদেশের ৫ শতাংশ মানুষ আর ভোগ করছে না ৯০ শতাংশ। তাহলে বাকি এই ৯০ শতাংশ কি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি?"

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনকারীদের এই আহ্বায়ক বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি গোয়েন্দা সংস্থার লোকদের দিয়ে খোঁজ নিন। শুনুন, এদেশের লক্ষ লক্ষ বেকারের আর্তি।"

সমাবেশে আন্দোলনকারীরা 'বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'অবিলম্বে দরকার, কোটা ব্যবস্থার সংস্কার', লেখা সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে আসেন।

অন্যদের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান, আন্দোলনকারী উজ্জ্বল মিয়া ও জাহিদ হাসান বক্তব্য দেন।

বুধবার স্মারকলিপি দিতে চাকরিপ্রার্থীদের একটি মিছিল হাইকোর্টের মোড়ে গেলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। তাদের রমনা থানা থেকে ছাড়িয়ে আনতে গেলে পরে প্রায় পঞ্চাশজনকে আটক করা হয়।

পরে সবাইকে ছেড়ে দেওয়া হলেও রাতেই শাহবাগ থানার এসআই মির্জা মো. বদরুল হাসান বাদী হয়ে হাই কোর্ট মোড়ের ঘটনায় অজ্ঞাতনামা ৭০০/৮০০ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন।