২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উড়োজাহাজের সামনের দিকে থাকায় বেঁচে যান শাহরিন’

উড়োজাহাজের সামনের দিকে থাকায় প্রাণে বেঁচে গেছেন বলে মনে করছেন শাহরিন আহমেদ, দুর্ঘটনার পর নেপালি সৈন্যরা তাকে টেনে বের করে বলে জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 08:00 PM

Updated : 11 Oct 2022, 12:11 PM

পুরনো খবর:

ইউএস-বাংলা দুর্ঘটনা: বেঁচে ফেরা শাহরিন ঢাকা মেডিকেলে ভর্তি

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত শাহরিনকে বৃহস্পতিবার দেশে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরে পোড়ার ক্ষত ও পায়ের হাড়ে চিড় ধরলেও তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Image
কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেশে ফেরানোর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ছবি: আসিফ মাহমুদ অভি

কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেশে ফেরানোর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ছবি: আসিফ মাহমুদ অভি

বিকালে ঢাকা মেডিকেলে ভর্তির পর তার ভাই সরফরাজ আহমেদ সাংবাদিকদের বলেন, ওই দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন তাদের মধ্যে শাহরিনের শারীরিক অবস্থাই ‘সবার চেয়ে ভালো’।

“ওখানকার চিকিৎসকরা বলেছেন, তার একটা মাইনর অপারেশন লাগতে পারে। সেজন্য তাকে তারা রাখতে চেয়েছিলেন। ওখানে থাকলে ইনফেকশনও হতে পারত। প্রয়োজন হলে অপারেশনটি এদেশেও করা সম্ভব বলে তাকে বাংলাদেশে নিয়ে এসেছি। তার শারীরিক অবস্থা ভালো। তবে পায়ে একটা ফ্রাকচার আছে।”

শাহরিনের বরাত দিয়ে দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, “সে উড়োজাহাজের সামনের দিকে ছিল। সেখানে ছিল বলে বেঁচে গেছে। নেপালি সেনা সদস্যরা তাকে টেনে বের করেছে। তা না হলে হয়ত সে বের হতে পারত না।”

সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। আহতদের মধ্যে ১০ জন বাংলাদেশি, তাদের মধ্যে স্কুল শিক্ষক শাহরিনই প্রথম দেশে ফিরলেন।

রাজধানীর স্কলাসটিকা স্কুলের উত্তরা শাখার জুনিয়র প্রোগ্রাম অফিসার শাহরিন একটি ট্যুরিস্ট দলের সঙ্গে নেপাল যাচ্ছিলেন। কাঠমান্ডু মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয় তাকে।

এই অবস্থায় শাহরিনের কাছে যাওয়া থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তার ভাই বলেন, “সে কিছুটা ট্রমাতে রয়েছে। এত বড় একটা দুর্ঘটনা নিজে দেখে এসেছে। অনেক দূর জার্নি করে এসেছে।

“ওই ঘটনা সম্পর্কে জানতে চাইলে সে আরও ট্রমায় চলে যেতে পারে। এমন প্রশ্ন বারবার করে কেউ তাকে ট্রমায় নেবেন না।”

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, “শাহরিন আহমেদের শারীরিক অবস্থা ভালো আছে, স্থিতিশীল রয়েছে। তার শরীরের বার্নের পাশাপাশি ফ্র্যাকচার রয়েছে। শরীরের ৫ শতাংশে ডিপ বার্ন রয়েছে। পায়ে ফ্র্যাকচার রয়েছে। তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে সব কিছু মিলিয়ে ভালো আছেন।”

এ সময় সেখানে উপস্থিত স্বাস্থ্য সচিব সিরাজুল হক সাংবাদিকদের বলেন, “বার্ন, আর্থোপেডিক ও ফরেনসিক বিশেষজ্ঞসহ সাতজন চিকিৎসক আজকে নেপালে পৌঁছেছে। এখনও সেখানে যারা আছেন তাদের খবরাখবর নিচ্ছেন তারা। রাতের মধ্য বিস্তারিত জানা যাবে।” 

তিনি বলেন, “বাংলাদেশের বার্ন ইউনিট নেপাল থেকে উন্নত। নেপালে যারা আহত রয়েছেন তারা চাইলে এখানে চিকিৎসা নিতে পারেন।

“প্রাথমিকভাবে যা হবার হয়েছে। এখন উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।”

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক একেএম নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন।